সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি শেখ হাসিনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ধারণ করা হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৯ এপ্রিল 'Md Saymon Miah' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ছবিটি পোস্ট করে বলা হয়, "শেখ হাসিনার অবস্থা কি দেখুন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি বাস্তব নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ছবিটির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, আলোচ্য ছবিটিতে শেখ হাসিনা এবং তার সাথে উপস্থিত তার বোন, ছেলে এবং মেয়ের ছবিতে তাঁদের শারীরিক গড়নের বৈসাদৃশ্য দেখা যায়।
পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল "Hive" ব্যবহার করে আলোচ্য ছবিটিকে যাচাই করলে টুলটি ছবিটিকে ৯৯.৯ শতাংশ সম্ভাব্য এআইয়ের সাহায্যে তৈরি বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছড়াও, আরেকটি এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল zerogpt ব্যবহার করে আলোচ্য ছবিটিকে যাচাই করলেও টুলটি ছবিটিকে ৭৩ শতাংশ সম্ভাব্য এআইয়ের সাহায্যে তৈরি বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ শেখ হাসিনার অসুস্থ অবস্থা আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং শেখ হাসিনার অসুস্থ অবস্থার এআই নির্মিত ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




