সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে নারী সেনা সদস্যদের ছবিযুক্ত ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, মক্কা চুক্তিতে সৌদি আরবে পাঠানো ৬০০ পাকিস্তানি নারী সেনার ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফিরেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ অক্টোবর ‘InfoBangla’ নামক একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মক্কা চুক্তিতে সৌদি পাঠানো ৬০০ পাকিস্তানি নারী সেনার ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফিরেছেন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি মক্কা চুক্তিতে সৌদি আরবে পাঠানো ৬০০ পাকিস্তানি নারী সেনার ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফেরার বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এমনকি কি ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত তথ্য সম্পর্কিত তথ্য বা প্রতিবেদন জাতীয় বা আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটিতে থাকা নারী সেনা সদস্যদের পেট ও শরীরের গঠন অস্বাভাবিক ও বাস্তবসম্মত নয়। প্রসূতি নারীদের শরীরের যে স্বাভাবিক অনুপাত বা শারীরিক পরিবর্তন থাকে, এই ছবিটিতে তা অতিরঞ্জিত মনে হয়। সামরিক পোশাকের প্যাটর্নে একধরনের ডিজিটাল স্মাজ বা ব্লার ভাব দেখা যায়। এছাড়া ইউনিফর্মের পকেট, লোগো বা ব্যাজের ফিনিশিং অনেকটা অস্পষ্ট। ছবির পেছনের সারিতে থাকা অন্যান্য ব্যক্তিদের মুখাবয়ব, চোখ বা নাক বেশ অস্পষ্ট এবং বিকৃত।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, পরবর্তীতে OpenAI-এর নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি Verify ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
OpenAI-এর Verify মূলত OpenAI-এর নিজস্ব টুল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবির provenance signal শনাক্ত করতে পারে। OpenAI-এর তথ্য অনুযায়ী, এটি ChatGPT, OpenAI API এবং Codex-এর মাধ্যমে তৈরি content-এর ক্ষেত্রে C2PA Content Credentials ও SynthID-এর মতো signal পরীক্ষা করে।
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে মক্কা চুক্তিতে সৌদি আরবে পাঠানো ৬০০ পাকিস্তানি নারী সেনার ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফেরার বাস্তব দৃশ্যের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




