সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, সম্প্রতি ভারতের রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও তার দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাথে দেখা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৪ অক্টোবর 'Shahiduzzaman Sarkar' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "দেশে ফিরার জন্য গান্ধী পরিবারের সাথে দেখা করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখহাসিনা।। তাহলে কি ডিসেম্বরের আসতেন নেত্রী।। #AwamiLeague #SheikhHasina #AwamiLeagueNews"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার পরিবারের সদস্যদের সাথে শেখ হাসিনার সাথে সাক্ষাতের আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের ১০ জুন ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম 'ET NOW'-এর ফেসবুক একাউন্ট থেকে ২০২৪ সালের ১০ জুন করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi, along with party MP Rahul Gandhi and General Secretary Priyanka Gandhi Vadra, met with Bangladesh Prime Minister Sheikh Hasina this afternoon in Delhi. (কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, দলের এমপি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র আজ বিকেলে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।)"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ভিডিওতে উপস্থিত সোনিয়া গান্ধীর ছেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১০ জুন "Met with PM of Bangladesh, Sheikh Hasina ji, along with Smt. Sonia Gandhi & Smt. Priyanka Gandhi" শিরোনামে আপলোড করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সনে ২০২৪ সালের ১০ জুন "Sonia Gandhi, Rahul, Priyanka meet Hasina in New Delhi" শিরোনামে প্রচারিত প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "Congress Parliamentary Party (CPP) chairperson Sonia Gandhi, along with former Congress president Rahul Gandhi and party general secretary Priyanka Gandhi Vadra, today called on Bangladesh Prime Minister Sheikh Hasina in New Delhi. (কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপারসন সোনিয়া গান্ধী, দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র আজ নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।)"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ভারতীয় গণমাধ্যম মিরর নাউ, টাইমস নাউ, দি স্টেটসম্যান, হিন্দুস্তান টাইমস এবং দি প্রিন্টের সামাজিক মাধ্যম ও ওয়েবসাইটে প্রচারিত ভিডিও এবং প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য দাবিটি সঠিক নয়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার পরিবারের সদস্যদের সাথে শেখ হাসিনার সাথে সাক্ষাতের আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটি ২০২৪ সালের ১০ জুন ধারণ করা হয়।
সুতরাং শেখ হাসিনার সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাতের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করে প্রচার করা হচ্ছে।




