সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে এক ব্যবসায়ীর ওপর আক্রমণের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, কুমিল্লায় এক কসমেটিক দোকানদারকে চাঁদাবাজি করতে গিয়ে কোপানো হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ ফেব্রুয়ারি ‘ইলিয়াস হোসাইন টিভি’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “কুমিল্লা কসমেটিক দোকানদারকে চাঁদাবাজরা কুপায় গেছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি কুমিল্লায় কোনো চাঁদাবাজির ঘটনায় কোনো ব্যবসায়ীকে আক্রমণের ঘটনার নয় বরং এটি ভারতের গোয়ায় এক ব্যবসায়ীকে আক্রমণের ঘটনার ভিডিও।
ভাইরাল ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে “Sanchore businessman sentenced to 10 years in Goa for attacking business partner with a sharp-edged weapon; fined Rs 1 lakh” শিরোনামে ‘Dainik Bhaskar’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, গোয়ার মারগাঁও দায়রা আদালত জালোরের সাঁচোরে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে। ওই অভিযুক্ত ব্যক্তি তার ব্যবসায়িক অংশীদারের ওপর কাস্তে দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, রিভার্স ইমেজ সার্চ করে “Accused convicted in Gogol koita attack case, Gets 10 years rigorous imprisonment, Rs 1 lakh fine” শিরোনামে ‘In Goa 24x7’ নামক একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ১৮ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, গোগল ‘কয়তা’ হামলায় অভিযুক্ত দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি কুমিল্লায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দোকান ব্যাবসায়ীকে আক্রমণের নয়; এটি ভারতের গোয়ায় এক ব্যবসায়ী তার অংশীদার ব্যাবসায়ী কর্তৃক আক্রমণের ভিডিও।
সুতরাং ভারতের গোয়ায় ব্যবসায়ীকে আক্রমণের ভিডিও বাংলাদেশের কুমিল্লার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




