সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে গাড়ি ভাঙচুরের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চাঁদা না দেওয়ায় এই ব্যক্তিটির গাড়িটি ভাঙচুর করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ ফেব্রুয়ারি ‘MD IQBAL Hossain’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “চাঁদাবাজি বন্ধ হোক চাদা না দেওয়ায় গাড়ি ভাংচুর করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। একজন ড্রাইভার দিনরাত পরিশ্রম করে রুটি রুজির জন্য, তার কষ্টের উপার্জন কেড়ে নেওয়া অন্যায়, অপরাধ এবং লজ্জার। সমাজকে বাঁচাতে হলে — 👉 অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে 👉 চাঁদাবাজিকে না বলতে হবে 👉 পরিশ্রমের সম্মান রক্ষা করতে হবে চাঁদাবাজি বন্ধ হোক, নিরাপদ হোক আমাদের রাস্তা ও সমাজ।#picturechallenge #ফটো #Amazing #india” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ চাঁদা না দেওয়ায় একটি গাড়ি ভাঙচুরের আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান হাতের আঙ্গুল এবং বাম পায়ের পাতার গঠন অস্বাভাবিক। পেছনে দাঁড়িয়ে থাকা ভিড়ের দিকে তাকালে দেখা যায় অনেক মানুষের মুখাবয়ব ঝাপসা বা বিকৃত। একজনের হাতের মোবাইল ফোন এবং ধরার ভঙ্গিও কৃত্রিম মনে হচ্ছে। ছবির প্রতিটি জিনিসের টেক্সচার বা উপরিভাগ অনেক বেশি মসৃণ এবং আলো-ছায়ার ভারসাম্য কিছুটা অস্বাভাবিক, যা সাধারণত উন্নত মানের AI টুল (যেমন Midjourney বা DALL-E) দিয়ে তৈরি ছবিতে দেখা যায়।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'DeepFake-o-meter' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে চাঁদা না দেওয়ায় গাড়ি ভাঙচুর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




