সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে এনসিপি নেতাদের ব্যান্ডেজ বাঁধার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তারা হামলার শিকার হয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ জানুয়ারি ‘Md Habibur Rahman’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ব্যান্ডেজি দল🤣।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এনসিপি নেতাদের মাথায় ব্যান্ডেজ বাঁধার আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবির ওপর সারির এক ব্যক্তির মাথায় ক্যাপের ওপর দিয়ে ব্যান্ডেজ করা, যা অস্বাভাবিক। এছাড়া, ত্বকের অতিরিক্ত মসৃণ বা 'প্লাস্টিক ভাব' এবং চোখের নিষ্প্রাণ দৃষ্টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে, ভিড়ের সবার মাথায় হুবহু একই রকম সাদা ব্যান্ডেজের পুনরাবৃত্তি এবং সেগুলোর অস্বাভাবিক পরিচ্ছন্নতা বাস্তবসম্মত নয়। এছাড়া চশমার ফ্রেমের অস্পষ্ট ফিনিশিং এবং হাতের আঙুল বা ফোনের অবস্থানে জ্যামিতিক অসংগতিগুলোও এটি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি, তার জোরালো ইঙ্গিত দেয়।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'ডিপফেক ও মিটার' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে এনসিপি নেতাদের ব্যান্ডেজ বাঁধার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




