সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে; এতে দেখা যাচ্ছে ভিডিওটি রাতের অন্ধকারে ধারণ করা ভিডিওতে একের পর এক রকেট কিংবা মিসাইল সদৃশ নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। পোস্টে দাবি করা হয়েছে, 'ইরান একসাথে ৬০০ মিসাইল আক্রমণ চালালো ইস*রাইলের উপর।' এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩ মার্চ 'Pratidhoni Barta' নামক পেজ থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'ইরান একসাথে ৬০০ মিসাইল আক্রমণ চালালো ইস*রাইলের উপর। (বানান অপরিবর্তিত)' পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ইরান কর্তৃক ইসরায়েলে ৬০০ মিসাইল হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়, বরং এটি 'Arma 3' নামক একটি জনপ্রিয় ভিডিও গেমের সিমুলেশন ফুটেজ।
ভিডিও থেকে কী-ফ্রেম (স্থিরচিত্র) নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউব-এ গত ২০২৪ সালের ২৭ এপ্রিল ‘Multiple Launch Rocket System at Night - Powerful MLRS Firing Drill - Military Simulation - ArmA 3’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ভিডিওটি ArmA 3 নামক একটি গেমের সিমুলেশন ভিডিও। ভিডিওটির ৫২ সেকেন্ড থেকে দৃশ্য হুবহু প্রচারিত ভিডিওটির সাথে মিলে যায়। স্ক্রিনশট দেখুন--
প্রচারিত ভিডিওটির স্থিরচিত্র (বামে) ও ইউটিউবে পাওয়া ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন--
অর্থাৎ গেমের দৃশ্যকে বাস্তব দাবি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে ইরান একসাথে ৬০০ মিসাইল আক্রমণ চালালো ইসরাইলের উপর মর্মে যে ভিডিওটি প্রচার করা হয়েছে, তা মূলত একটি গেমের সিমুলেশন ফুটেজ।




