সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, প্রবাসীদের সকল ভোট বাতিল করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৬ ফেব্রুয়ারি 'Md Zoynul Abedin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং নিউজ: প্রবাসীদের সকল ভোট বাতিল হয়েছে। নির্বাচনও হবে না ইনশাআল্লাহ! জয় বাংলা ✊✌️"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এক ফেসবুক পোস্টে আলোচ্য দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করেছে।
আলোচ্য দাবিটির সত্যতার সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং পরিচালিত 'CA Press Wing Facts' নামের ফেসবুক পেজটিতে আলোচ্য দাবিটি নিয়ে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য দাবির একটি স্ক্রিনশট যুক্ত করে লেখা থাকতে দেখা যায়, "ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে আসা প্রবাসীদের সব ভোট বাতিল করা হয়েছে। এই দাবি সত্য নয়। পোস্টাল ব্যালটে আসা ভোট বাতিল হয়নি। আজ (০৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টা পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।" ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে আরো সার্চ করে গত ১০ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে "৪ লাখ ৭১ হাজারের বেশি পোস্টাল ব্যালট এসে পৌঁছালো দেশে | Postal Ballot Update | Jamuna TV" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এরমধ্যে, ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন- ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন। এছাড়া, ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এরমধ্যে, ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।"। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, বিডিনিউজ টোয়েন্টিফোর, এখন টিভি এবং জাগো নিউজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় একই তথ্য।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং নিশ্চিত করেছে।
সুতরাং প্রবাসীদের ভোট বাতিলের দাবিটি ভুয়া।




