সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন। তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ ফেব্রুয়ারি 'Jamat Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "একটা দলের নেতা যদি এত মিত্যা বলতে পারে তাহলে চিন্তা করুন তাদের পাতী নেতাদের কি অবস্থা হবে। আসতাগফিরুল্লাহ। লিংক কমান্টে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কুমিল্লা জেলার এক নেতার ব্যাপারে উল্লেখ করে তার বরাতে তারেক রহমানের বলা কথাকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম বাংলাভিশনের লোগো দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে গত ৪ ফেব্রুয়ারি "বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে: তারেক রহমান | Tarique Rahman" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ২ মিনিট ২৭ সেকেন্ডে তারেক রহমানকে বলতে শোনা যায়, "একটি রাজনৈতিক দলের নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়। সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে তাদের কর্মীদেরকে বলছে, বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন। তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে, বারো তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে। তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি? কোন পর্যায়ের মানুষ হলে তাঁরা জনগণকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে।"। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে 'BNP Kurigram Division' নামে একটি ফেসবুক পেজে গত ৬ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে তারেক রহমানকে বলতে শোনা যায়, "একটি রাজনৈতিক দলের নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়। সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে তাদের কর্মীদেরকে বলছে, বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন। তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে, বারো তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে। তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি?"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি বানোয়াট। তারেক রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে তার বরাতে বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে।
সুতরাং তারেক রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




