সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, গণভোট নিয়ে বাদানুবাদকে কেন্দ্র করে জামায়াতের এক কর্মীকে থাপ্পড় মেরেছেন বিএনপির এক নেতা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩০ জানুয়ারি 'এস কে মোস্তফা' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "পোস্টাল ব্যালটে হা ভোট না দিলে দিল্লির দা/লাল বলা মাত্রই বিএনপি নেতার থা/-প্প-ড় খেলেন জামায়াত কর্মী!!" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি বাংলাদেশের নয়। গতবছরের ২ আগস্ট ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী উড়োজাহাজ এয়ার ইন্ডিগোর যাত্রী হাফিজুল রহমান প্যানিক এটাকে আক্রান্ত হওয়া আরেক যাত্রী হুসেন আহমেদ মজুমদারকে থাপ্পড় মারেন। আলোচ্য ভিডিওটি ওই ফ্লাইটের ভিতরেই ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ডিএনএতে ২০২৫ সালের ২ আগস্ট "Passenger slaps man suffering from panic attacks on IndiGo flight in viral video, netizens left in shock, says, 'people buy..', watch" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "একটি ভাইরাল ভিডিও নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে একজন ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়া আরেক যাত্রীকে থাপ্পড় মেরেছেন। ভিডিওটি দেখুন। (অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৫ আগস্ট "Indigo Flight Muslim Man Slapped: पीड़ित ने बताया उस दिन का पूरा सच | NDTV Exclusive" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে বলা হয়, ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিগো বিমানের একটি ফ্লাইটে আকস্মিকভাবে প্যানিক এটাকে আক্রান্ত হন আহমেদ হুসেন মজুমদার নামে এক ব্যক্তি। এসময়ে তাকে আতঙ্কিত হতে দেখে হাফিজুর রহমান নামে এক ব্যক্তি তাকে থাপ্পড় মারেন। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বিএনপি নেতা ও জামায়াত কর্মীর ভিতরে বাদানুবাদের নয় বা বাংলাদেশেরই নয়। ভারতের উড়োজাহাজ এয়ার ইন্ডিগোতে মুম্বাই থেকে কলকাতাগামী দুজন যাত্রীর ভিতরে আলোচ্য ভিডিওর ঘটনাটি ঘটে।
সুতরাং ভারতের উড়োজাহাজের দুই যাত্রীর ভিতরের সংঘটিত ঘটনাকে বাংলাদেশের বিএনপি নেতা ও জামায়াত কর্মীর ভিতরে ঘটা ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




