ঢাকা বিমানবন্দরে এক বৃদ্ধের লাশ দাবিতে আলোচ্য ছবিটি এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, ঢাকা বিমানবন্দরে বৃদ্ধের লাশ দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি লাশকে কেন্দ্র করে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেঝেতে নিথর পড়ে আছে প্রবাস থেকে আসা এক বৃদ্ধের লাশ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ জানুয়ারি ‘Nilufar Jahangir’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেঝেতে নিথর শুয়ে আছেন এক বৃদ্ধ। পাশে পড়ে থাকা জীর্ণ স্যুটকেস ও লাগেজগুলো যেন তার দীর্ঘ ৬০ বছরের প্রবাস জীবনের এক নীরব সাক্ষী। ..... প্রবাস জীবন যে কতটা কষ্টের, কতটা ত্যাগের, আর তার শেষটা কখনো কখনো কতটা মর্মান্তিক হতে পারে—লাগেজ পাশে নিয়ে পড়ে থাকা এই নিথর দেহটি তারই এক করুণ দলিল হয়ে রইল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেঝেতে এক বৃদ্ধের নিথর দেহের আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদের ইউনিফর্ম এবং ব্যাজগুলো বাস্তবসম্মত নয়। ছবিতে থাকা মানুষের হাত, আঙুল এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো অসংলগ্ন। কিছু মানুষের আঙুলের সংখ্যা বা গঠন স্বাভাবিক নয়। মাটির শুয়ে থাকা ব্যক্তির ডান হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং অস্পষ্টভাবে মিশে গেছে। আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেঝেতে এক বৃদ্ধের নিথর দেহের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




