মাজারে ট্রাম্পেট বাজানোর ভিডিওকে মসজিদের বলে প্রচার
প্রার্থনাকালে ট্রাম্পেট বাজানোর এই ভিডিওটি ভারতের কোনো মসজিদে নয় বরং বাংলাদেশের একটি মাজারে ধারণ করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, কলকাতায় একটি মসজিদে নামাজের সময়ে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে হিন্দুধর্মাবলম্বীরা এসে ট্রাম্পেট বাজানো শুরু করে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৯ মে 'Saiful Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "কলকাতায় একটি মসজিদে নামাজের সময়, শুভেন্দ্রর লেলিয়ে দেওয়া উ/গ্র/বা/দী স/ন্ত্রা/সী হিন্দুদের কার্যকলাপ..."। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মসজিদে নামাজ চলাকালে ট্রাম্পেট বাজানোর এই ভিডিওটি ভারতের কোনো মসজিদে নয় বরং বাংলাদেশের একটি মাজারে ধারণ করা হয়েছে।
ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'গশ্চি শাহী দরবার শরীফ' নামে একটি ইউটিউব চ্যানেলে "অসাধারণ বাজনা অসাধারণ বাশীর সুর" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই স্থান থেকে ধারণ করা একই ধরণের ভিডিও খুঁজে পাওয়া যায়। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামে গশ্চি শাহী দরবার শরীফ নামে ওই মাজারটি অবস্থিত।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মসজিদে নামাজ চলাকালে ট্রাম্পেট বাজানোর এই ভিডিওটি ভারতের কোনো মসজিদে নয় বরং বাংলাদেশের একটি মাজারে ধারণ করা হয়েছে।
সুতরাং মাজারে ট্রাম্পেট বাজানোর ভিডিওকে মসজিদে নামাজরতদের নামাজে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ট্রাম্পেট বাজানোর বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




