২০২৪ সালের নির্বাচনে ব্যালটে সিল মারার ভিডিও বর্তমান দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ব্যালট পেপারে সিল মারার ভাইরাল ভিডিওটি চলমান নির্বাচনের নয়; বরং এটি ২০২৪ সালে নির্বাচনের সময়কার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ব্যালট বক্সে সিল মারার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এই ভিডিওটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
আজ ১২ ফেব্রুয়ারি ‘Shuvo Sabbir’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “কেউ কিচ্ছু দেখে নাই তোরা সিল মার, তারুণ্যের প্রথম ভোট তাহাজ্জুদের আগেই হোক তবে একসাথে অনেকগুলো হোক।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভিডিও নয় বরং এটি ২০২৪ সালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বক্সে সিল মারার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Feni TV’ এর ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। একাই সব ব্যালটে সিল মারলেন এই ভোটার। ভিডিওটি দেখুন--
পাশাপাশি রিভার্স ইমেজ সার্চ করে ‘Noakhali TV Update - নোয়াখালী টিভি আপডেট’ এর ফেসবুক পেইজে আরো একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শেষ সময়ে চলছে প্রকাশ্যে সীল মা-রা। ওই পোস্টটি একই পেজ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বররে শেয়ার করে লেখা হয়, ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঠাননগর ইউনিয়নের একটি কেন্দ্রে আ'লীগ মনোনীত প্রার্থীর পক্ষে সিল মারার দৃশ্য। যেটি ছিলো আমাদের প্রতিনিধি এম কাওছার'র ধারন করা। এটিকে অনেকে ডাকসু নির্বাচনের ভিডিও বলে অপপ্রচার করছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি আজকের চলমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনের নয়। বরং এটি ২০২৪ সালে উপজেলা নির্বাচনের সময় ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঠাননগর ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে সিল মারার দৃশ্য।
সুতরাং ২০২৪ সালে উপজেলা নির্বাচনে ব্যালটে সিল মারার ভিডিও ২০২৬ সালের আজ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনের দিনের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




