ভারতের ভিডিও দিয়ে বাংলাদেশে পূজা মণ্ডপে আগুন দেওয়ার দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আগুনে পুড়ে যাওয়া কালীপূজার মণ্ডপটি বাংলাদেশের নয়; বরং এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পূজা মণ্ডপে আগুনের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের যশোরে কালীর বাজারে শ্যামা পূজার মণ্ডপ জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৮ নভেম্বর ‘কালু ভাইয়ের সমর্থন’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামা পুজার (কালী পুজোর) মন্ডপ জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামা পূজার মণ্ডপ জ্বালিয়ে দেওয়ার নয়। বরং এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে পূজা মণ্ডপে আগুন লাগার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “উদ্বোধনের দিনই ভয়াবহ আগুন, চোখের নিমেষে পুড়ে ছাই পাঁশকুড়ার কালীপুজোর মণ্ডপ” শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই সুবিশাল কালীপুজোর মণ্ডপ। শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোটা প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল এই মণ্ডপ। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই মণ্ডপে আগুন লেগে থাকতে পারে। তবে বাকি দিকও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “উদ্বোধনের আগেই আগুনে পুড়ে ছাই কালীপূজার মণ্ডপ” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ‘খবরের কথা’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কালীপূজার জন্য তৈরি বিশাল মণ্ডপ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ মণ্ডপে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো প্যান্ডেলে ছড়িয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মণ্ডপটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি বাংলাদেশের যশোর জেলায় পূজা মণ্ডপে আগুন লাগানোর ভিডিও নয়, বরং এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে একটি পূজা মণ্ডপে আগুন লাগার ভিডিও।
সুতরাং ভারতে পূজা মণ্ডপে আগুন লাগার ভিডিও দিয়ে বাংলাদেশে পূজা মণ্ডপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




