ডাকসুতে জিন্নাহর ছবির জবাবে জাতিসংঘে গোলাম আযমের এই ছবিটি এআই তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। OpenAI-এর নিজস্ব টুল Verify এই ছবিটিকে এআই তৈরি বলে নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ডাকসুতে জিন্নাহর ছবির জবাবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী বিলবোর্ডে গোলাম আযমের জুতার মালা পরা ছবি লাগিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ সেপ্টেম্বর ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ডাকসুতে জিন্নাহর ছবির জবাবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী বিলবোর্ডে গোলাম আযমের জুতার মালা পরা ছবি লাগিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী বিলবোর্ডে গোলাম আযমের জুতার মালা পরা ছবি টাঙানোর বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, জুতাগুলো যেভাবে ফ্রেম বা ছবির উপর ঝুলে আছে, তার কোনো স্বাভাবিক ফিজিক্যাল সাপোর্ট নেই। জুতাগুলোর টেক্সচার, আলো ও ছায়ার সামঞ্জস্য ছবির মূল ব্যক্তির টেক্সচারের সাথে মানানসই নয়। পেছনের জাতিসংঘ সদর দফতর এবং আশেপাশের আলোর দিক ও ব্যানারে থাকা ব্যক্তির মুখের ওপর পড়া আলোর দিক ও ছায়ার সাথে মিল নেই। ব্যানারের সামনে ঝোলানো জুতাগুলোর কোনো স্বাভাবিক ছায়া ব্যক্তির জামা বা ফ্রেমে পড়ছে না। ডানদিকের গেটের দেয়ালে লেখা "UNITED NATIONS ও NATIONS UNIES" লেখার ফন্ট এবং স্পেসিং অসামঞ্জস্যপূর্ণ এবং কৃত্রিম।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, পরবর্তীতে OpenAI-এর নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি Verify ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
OpenAI-এর Verify মূলত OpenAI-এর নিজস্ব টুল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবির provenance signal শনাক্ত করতে পারে। OpenAI-এর তথ্য অনুযায়ী, এটি ChatGPT, OpenAI API এবং Codex-এর মাধ্যমে তৈরি content-এর ক্ষেত্রে C2PA Content Credentials ও SynthID-এর মতো signal পরীক্ষা করে।
পাশাপাশি, পরবর্তীতে এআই শনাক্তকরণ প্রযুক্তি ‘হাইভ মডারেশন’ ব্যবহার করে এই ছবিটি এআই জেনারেটেড বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী বিলবোর্ডে গোলাম আযমের জুতার মালা পরা ছবি টাঙানোর বাস্তব দৃশ্যের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




