সাবেক স্পিকার শিরিন শারমিনের এই ভিডিওটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, শিরিন শারমিনের আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের জুন মাস থেকে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ২৬ শে মার্চ উপলক্ষে ভারতে দেখা গেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ মার্চ 'সু- নাগরিক' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সত্যি ই কি শিরিন শারমিন চৌধুরী ভারতে আছেন?" ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "২৬ শে মার্চ উপলক্ষে ভারতে দেখা গেল শিরিন শারমিন চৌধুরীকে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিনের আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত ১১ তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলাতে ধারণ করা হয়।
ভিডিওটির সত্যতা জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে২০২৪ সালের ৬ জুন 'The post ranger' নামে একটি ইউটিউব চ্যানেলে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন।, মেলা পরিদর্শনে।" স্ক্রিনশট দেখুন--
ওই ভিডিওটি পর্যবেক্ষণ করে শিরিন শারমিনের পিছনে একটি ব্যনার দেখতে পাওয়া যায়। এই ব্যানারে লেখা থাকতে দেখা যায়, "১৯-২৫ মে, ২০২৪। মেলা"। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০২৪ সালের ১৯ মে "জাতীয় এসএমই পণ্য মেলা শুরু ১৯ মে" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত দিনব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলার উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলার উদ্বোধন করেন তিনি। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।"। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিনের আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত ১১ তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলাতে ধারণ করা হয়।
সুতরাং শিরিন শারমিনের পুরোনো ভিডিও শেয়ার করে সাম্প্রতিক দাবি করে বিভ্রান্তিকর তথ্যসহ প্রচার করা হচ্ছে ফেসবুকে।




