ট্রাকচাপায় পাম্পের কর্মচারীকে হত্যার এই ভিডিওটি এআইয়ের সাহায্যে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, ট্রাকচাপায় পাম্পের কর্মচারীকে হত্যার এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নড়াইলে একটি তেলের পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মচারীকে চাপা দিয়ে হত্যা করেছে চালক। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ মার্চ 'স্বপ্নের অগ্রযাত্রা' নামে একটি ফেসবুক পেজ থেকে এরকম একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "তেল না পেয়ে পাম্প ম্যানেজার কে ট্রাক চা***-পা। এই দায় কার,,,?"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ট্রাকচাপায় তেল পাম্পের কর্মচারীকে হত্যার দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম সার্চ করে ভিডিওটি সম্পর্কে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে থাকা ব্যক্তিদের গতি, সবার একই সাথে অভিন্ন ভঙ্গিতে ছুটে আসা, উঠে দাঁড়ানো, একজন ব্যক্তি থেকে হঠাৎ করে দুজন ব্যক্তি তৈরি হয়ে যাওয়া এবং সেই দুজন ব্যক্তির ভিডিও মাঝখানে বাতাসে মিলিয়ে যাওয়ার মত বিভিন্ন অসামঞ্জস্য দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল DEEPFAKE-O-METER টুল ব্যবহার করে আলোচ্য ভিডিওটিকে যাচাই করলে টুলটি ভিডিওটিকে গড়ে ৭০ শতাংশ সম্ভাব্য এআই তৈরি কন্টেন্ট বলে ফলাফলে দিয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, পাশাপাশি আরেক এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল 'sightengine' ব্যবহার করে আলোচ্য ভিডিওটিকে যাচাই করলে এই টুলটিও ৯৮ শতাংশ সম্ভাব্য এআই তৈরি কন্টেন্ট বলে ফলাফলে দিয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মার্চ নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনা ঘটে। তবে, আলোচ্য ভিডিওটি সেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়।
সুতরাং নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ভিডিও বলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




