মেসিকে ইয়ামালের মধ্যাঙ্গুলি দেখানোর এই ছবিটি এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। ছবিটিতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক রয়েছে বলে গুগলের SynthID শনাক্তকরণ টুল নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল মধ্যাঙ্গুলি দেখাচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ২২ জুলাই ‘MD Saiful Islam’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “Lamin Yamal:" f*** you messi” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের মধ্যাঙ্গুলি দেখানোর বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, লামিনে ইয়ামালের হাতের আঙুল এবং তালুর গঠন অত্যন্ত অস্বাভাবিক ও প্লাস্টিকের মতো মসৃণ। লিওনেল মেসির নিচের দিকে প্রসারিত ডান হাতের আঙুলগুলোও অসামঞ্জস্যপূর্ণ ও কিছুটা বিকৃত। মেসির ডান হাতের ট্যাটুর নকশা আসল ট্যাটুর সাথে পুরোপুরি মিলে না। মেসির জার্সির হাতা ও বুকে থাকা ব্যাজ এবং লোগোর ভেতরের লেখাগুলো অস্পষ্ট ও বিকৃত। ইয়ামালের স্প্যানিশ জার্সির ওপরের লোগো এবং হাতা ও নিচের ব্যাজগুলোতেও বিকৃত আকৃতি লোগোর দেখা যাচ্ছে।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, পরবর্তীতে গুগল এআই শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করে এই ছবিটির বড় অংশ বা সম্পূর্ণটি এআই দিয়ে তৈরি বা এডিট করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এখানে নীল চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক পাওয়া গেছে (Detected)। এছাড়াও, ধূসর চিহ্নিত অংশের জায়গাতে টুলটি সরাসরি ওয়াটারমার্ক পায়নি তবে সম্ভাবনা রয়েছে (Unsure) এবং কমলা চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে ওয়াটারমার্ক পাওয়া যায়নি (Not detected)। তবে কোনো ছবির কোনো একটি অংশে এই লুকোনো ওয়াটারমার্ক পাওয়ার অর্থ হলো ছবিটি এআই দ্বারা তৈরি অথবা সম্পাদিত। যে যে অংশগুলোতে ধূসর ও কমলা দেখা যাচ্ছে সেই অংশগুলোর ওয়াটারমার্ক সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিংবা সম্পাদনার কারণে মুছে যেতে পারে ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে মেসিকে ইয়ামালের মধ্যাঙ্গুলি দেখানোর বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




