মেট্রোরেলে দুই নারীর মারামারির ভিডিওটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, মেট্রোরেলে দুই নারীর মারামারির ভিডিওটি ভারতের দিল্লিতে অবস্থিত মেট্রো স্টেশনে ধারণ করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ঢাকায় মেট্রোরেলের চলন্ত সিঁড়িতে মারামারি করছেন দুই নারী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ মার্চ একুশে টেলিভিশনের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়,"যে কারণে মেট্রোরেলের লিফটে দুই নারীর মারামারি | DhakaMetro"। পোস্টের ক্যাপশনে ঢাকা মেট্রো উল্লেখ করা হয়েছে। তবে, ভিডিওটিরধারণের স্থানের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মেট্রোরেলের চলন্ত সিঁড়িতে দুই নারীর মারামারির এই ভিডিওটি বাংলাদেশে নয় বরং ভারতের দিল্লিতে অবস্থিত মেট্রো স্টেশনে ধারণ করা হয়েছে।
আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে গত ২৮ মার্চ 'Ghar Ke Kalesh' নামে একটি এক্স একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "Kalesh b/w Two ladies inside Delhi Metro"। এক্স পোস্টটি দেখুন--
আরো সার্চ করে গত ২৮ মার্চ 'delhinewsxpress' নামে একটি ইনস্টাগ্রাম একাউন্টে প্রচারিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "METRO MADNESS. Delhi: Lift Entry Turns Ugly as Two Women Cl@sh, Fight Caught on Camera Goes Viral"। ইনস্টাগ্রাম পোস্টটি দেখুন--
পরবর্তীতে, আরো সার্চ করে ইন্ডিয়া ডট কম, ইন্ডিয়া টিভি ডট কম, এবং আজতক বাংলার ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদন থেকেও জানা যায়, আলোচ্য ভিডিওটি দিল্লির কোনো একটা মেট্রো স্টেশনে ধারণ করা হয়েছে।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ঢাকার কোনো মেট্রো স্টেশনে ধারণ করা হয়নি। ভারতের দিল্লির কোনো একটি মেট্রো স্টেশনে ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে, নির্দিষ্ট কোন মেট্রো স্টেশনে এটা ঘটেছে তার নাম জানা যায়নি।
সুতরাং ভারতের মেট্রোস্টেশনে দুই নারীর মারামারির ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




