বারান্দায় পোর্টেবল সুইমিংপুল ফেটে যাওয়ার ভিডিওটি এআই দ্বারা তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, পোর্টেবল সুইমিংপুল ফেটে যাওয়ার বলে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে একটি বহুতল আবাসিক ভবনের বারান্দায় স্থাপন করা প্লাস্টিকের সুইমিং পুল অতিরিক্ত পানির চাপে ফেটে গিয়ে ভেতরের জলরাশি নিচের রাস্তায় হুড়মুড় করে গড়িয়ে পড়ার দৃশ্য ভিডিওটিতে দেখা যাচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২২ জুলাই ‘Bangla STAR News’ ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, 'বারান্দায় সুইমিং পুল ট্র্যাজেডি: পানির চাপে ফেটে গেল প্লাস্টিকের পুল!'। স্ক্রিনশট দেখুন --
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয়। মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রচারিত পুল ফেটে যাওয়ার এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি ‘হাইভ’ (Hive) নামক এআই-ডিপফেক শনাক্তকারী টুল ব্যবহার করে যাচাই করা হয়েছে। বিশ্লেষণে টুলটি ভিডিওটিকে ‘এআই তৈরি’ (AI-generated) হিসেবে শনাক্ত করেছে।
ভিডিওটি নিয়ে সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে ভিডিওটি বাস্তব ঘটনার ফুটেজ হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টে সম্ভাব্য ভিডিওটির মূল সংস্করণ পাওয়া যায়। ফেসবুকে প্রচারিত ভিডিওটির স্থিরচিত্রের (বামে) সাথে ইনস্টাগ্রামে পাওয়া ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) তুলনা দেখুন --
অ্যাকাউন্টটিতে একই ধরণের আরও কিছু ভিডিও পাওয়া যায় (১, ২) এছাড়াও, বিভিন্ন সময়ে এআই দিয়ে তৈরি কনটেন্ট পোস্ট করতে দেখা যায়। ভিডিওটি পর্যবেক্ষণে কিছু অবাস্তব দৃশ্য কিংবা অসঙ্গতি পাওয়া যায়। ছোট একটি প্লাস্টিকের পুল থেকে যেভাবে অন্তহীন এবং বিশাল আকৃতির জলপ্রপাতের মতো পানি পড়তে শুরু করে, তা পুলটির ধারণক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি সাধারণ ভবনের বারান্দায় ধারণক্ষমতার (ওজনের ক্ষেত্রে) চেয়ে অতিরিক্ত পানিসহ এরকম একটি পোর্টেবল সুইমিংপুলের বিষয়টি কিছুটা অবাস্তব মনে হয়।
নিখুঁত ফলাফল, তুলনামূলক কম সীমাবদ্ধতা, সহজলভ্য হওয়ায় এআই দিয়ে ভিডিও তৈরির ক্ষেত্রে গুগলের ভিডিও জেনারেশন টুল 'Veo' বা ভিও'য়ের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ভিও হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও, ইমেজ-টু-ভিডিও তৈরি করার টুল এবং সর্বশেষ সংস্করণ। Veo-3 (ভিও-৩) ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।
এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কনটেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায় না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি ভিডিওর অডিওতে 'SynthID' ওয়াটারমার্ক শনাক্ত করেছে টুলটি। দেখুন --
অনেক ক্ষেত্রে সিংহভাগ ভিডিও ক্রপ করা এবং সম্পাদনার কারণে ভিডিওতে ওয়াটারমার্ক পাওয়া যায়না কিন্তু সরাসরি অডিও সম্পাদনা কিংবা টেম্পারিং না করলে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও স্ট্রাগল করে অডিওতে ওয়াটারমার্ক টিকে থাকে।
পরবর্তীতে আরেক এআই কনটেন্ট শনাক্তকারী টুল 'হাইভ' দিয়ে মূল ভিডিওটি যাচাই করলে টুলটি ভিডিওটিকে ৯৯.৭ শতাংশ সম্ভাব্য এআই জেনারেট ভিডিও বলে ফলাফল দিয়েছে। দেখুন --
অর্থাৎ ভিডিওটি এআই দ্বারা তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে 'বারান্দায় পানির চাপে ফেটে গেল প্লাস্টিকের সুইমিংপুল' মর্মে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি বাস্তব ভিডিও নয়।




