হরিয়ানায় বর্জ্য ফেলার ভিডিওকে দিল্লির আন্দোলন স্থান বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, গত আগস্ট মাসে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে সেখানকার পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করার অংশ হিসেবে ট্রাক থেকে আবর্জনা ফেলেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে রাস্তায় ট্রাক থেকে বর্জ্য ফেলার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ শুরুর আগে দিল্লির সড়কে আবর্জনা ফেলা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে , এখানে ও এখানে। এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজ, বৈশাখী টেলিভিশন, দৈনিক পত্রিকা টাইমস অব বাংলাদেশ এবং সংবাদভিত্তিক ফেসবুক পেজ সেন্ট্রিস্ট নেশন, ফেস দ্য পিপলকেও আলোচ্য ভিডিওটি একই দাবিতে প্রচার করতে দেখা যায়।
গত ১০ অক্টোবর বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বিক্ষোভের আগে দিল্লির সড়কে আবর্জনা, মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ | DBC NEWS"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১৬ আগস্ট ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ শহরে সেখানকার পরিচ্ছন্নতাকর্মীরা মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে পরিচালিত আন্দোলনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করার অংশ হিসেবে পানিপথ শহরের সংবিধান চক এলাকায় ট্রাক থেকে আবর্জনা ফেলেন।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Journalist Kulwant singh' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে গত ১৭ আগস্ট করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "पानीपत में सफाई कर्मचारियों का गुस्सा देखिए बीच सड़क पर फैलाया कूड़ा (পানিপথে সাফাই কর্মীদের ক্ষোভের দৃশ্য দেখুন: তাঁরা রাস্তার ঠিক মাঝখানে আবর্জনা ফেলে দিয়েছেন।)"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ভারত থেকে পরিচালিত গণমাধ্যম দৈনিক ভাস্করের ওয়েবসাইটে গত ১৬ আগস্ট "पानीपत में सफाई कर्मचारियों का उग्र प्रदर्शन:संविधान चौक पर पलटा कूड़े से भरा डंपर, झाडू से फैलाया; GT रोड पर लगा जाम (পানিপথে সাফাই কর্মীদের তীব্র বিক্ষোভ: সংবিধান চকে আবর্জনা-বোঝাই ডাম্পার উল্টে ঝাড়ু দিয়ে আবর্জনা ছড়িয়ে দেওয়া হলো; জিটি রোডে যানজট।)" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "हरियाणा में नगरपालिका कर्मचारी संघ के बैनर तले सफाई, सीवर और फायर कर्मचारियों की जारी हड़ताल और अधिक उग्र हो गई है। 6 अगस्त से चल रही अनिश्चितकालीन हड़ताल को अब 18 अगस्त तक बढ़ा दिया गया है।
सोमवार को कर्मचारियों ने पानीपत के संविधान चौक पर कूड़े से भरा डंपर सड़क पर पलटकर प्रदर्शन किया। जिससे जीटी रोड पर वाहनों की लंबी कतारें लग गईं और जाम की स्थिति बन गई। (হরিয়ানায় ‘মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়ন’-এর ব্যানারে পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ও দমকল বিভাগের কর্মীদের চলমান ধর্মঘট আরও জোরদার হয়েছে। ৬ আগস্ট শুরু হওয়া এই অনির্দিষ্টকালের ধর্মঘটের সময়সীমা এখন ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার পানিপথের ‘সংবিধান চক’-এ রাস্তায় এক ট্রাক ভর্তি আবর্জনা ফেলে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে জিটি রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।)"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, হরিয়ানা রাজ্যের সংবাদ প্রচারকারী ইউটিউব চ্যানেল দৈনিক সাভেরা হরিয়ানা এবং ভয়েস অব পানিপথে প্রচারিত প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি দিল্লিতে সিজেপির আন্দোলনস্থলে বর্জ্য ফেলার নয়। গত আগস্ট মাসে ভারতের আরেকটি রাজ্য হরিয়ানা রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ চলাকালে বর্জ্য ফেলার এই ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ভিন্ন স্থানে ভিন্ন ঘটনায় বর্জ্য ফেলার ভিডিও শেয়ার করে দিল্লির আন্দোলনস্থলের ঘটনা বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




