নেতানিয়াহুর আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখার ছবিটি এআই দিয়ে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, প্রচারিত ছবিটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। ছবিতে ওপেনএআই কর্তৃক গৃহীত গুগলের সিন্থআইডি প্রযুক্তির ওয়াটারমার্ক পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে বলা হয়েছে, 'আর্জেন্টিনার জার্সি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বকাপ ম্যাচ দেখছেন'। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২৩ জুন ‘Md Mahabub Alam’ নামক একটি প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ছবিটি গত ২৩ জুন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এর আগের দিন (২২ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়ার ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের এই ম্যাচটিতে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি ওপেনএআই এর ইমেজ জেনারেশন টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে। ছবিতে ওপেনএআই কর্তৃক গৃহীত SynthID (সিন্থআইডি) প্রযুক্তির ওয়াটারমার্ক পাওয়া গেছে।
সার্চ করে আর্জেন্টিনার জার্সি পরে নেতানিয়াহুর খেলা দেখার কোনো তথ্য গ্রহণযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি। পর্যবেক্ষণে দেখা যায় ছবিটির উপস্থাপনা খুবই স্বচ্ছ, অতিরিক্ত চকচকে ভিজ্যুয়ালি অনেকটাই নিখুঁত। এআই কনটেন্ট শনাক্তকরণে বিশেষজ্ঞ হেইঙ্ক ভ্যান এস (Henk van Ess) বলেছেন, যখন কোনো কনটেন্ট (এক্ষেত্রে ছবি) কোনো নির্দিষ্ট বর্ণনার সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে সামনে আসে, তখন সেটিই একটি বড় লাল সংকেত বা অ্যালার্ম। একে বলা হয়, প্রোডাকশন কোয়ালিটি প্যারাডক্স (Production Quality Paradox)।
সাধারণত বাস্তব জীবনের ফুটেজ বা ছবি কম-বেশি অগোছালো হয়। যদি কোনো কন্টেন্ট খুব নিখুঁতভাবে কোনো গল্প বলার জন্য তৈরি বলে মনে হয়, তবে বুঝতে হবে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। যদিও এক্ষেত্রেও খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করলে কিছু অসামঞ্জস্যতা পাওয়া যেতে পারে।
ফলে ছবিটি এআই দ্বারা তৈরি কিনা তা যাচাইয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়। যাচাইয়ে ছবিটি ওপেনএআই তথা চ্যাটজিপিটি দিয়ে তৈরি বলে ফলাফল দিয়েছে এবং SynthID (সিন্থআইডি) ওয়াটারমার্ক পাওয়া গেছে বলে ফলাফলে উল্লেখ করা হয়েছে। Google DeepMind তৈরি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি SynthID মূলত এক ধরনের কনটেন্ট ওয়াটারমার্ক যা খালি চোখে দেখা বা স্বাভাবিকভাবে শনাক্ত করা যায় না। গত ১৯ মে থেকে OpenAI তাদের ইমেজ কনটেন্টে 'Content Credentials'-এর পাশাপাশি Google DeepMind -এর এই প্রযুক্তিও নিজস্ব সংস্করণে যুক্ত করেছে। সাধারণ ছবি সম্পাদনা কিংবা মেটাডাটা মুছে যাওয়ার পরেও গুগলের এই SynthID ওয়াটারমার্কটি টিকে থাকতে পারে এবং নির্ধারিত বিশেষ টুলের মাধ্যমে এটি শনাক্ত করা যায়।
ওপেনএআই এর SynthID শনাক্তকরণ টুলে যাচাইয়ের পরে প্রাপ্ত ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যম ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের ২২ জুনের পোস্টের বরাতে উল্লেখ করা হয়েছে, খেলার দিন নেতানিয়াহুকে জেরুজালেমে বসনিয়া ও হার্জেগোভিনার একজন রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তার কার্যালয়ে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।
উল্লেখ্য, পূর্ববর্তী কোনো বাস্তব দৃশ্যকে এআই দ্বারা সম্পাদনার মাধ্যমে নতুন সংস্করণের হুবহু একই ছবি তৈরি করলেও এই ধরণের কনটেন্টকে এআই তৈরি কনটেন্ট এবং এই ধরণের কোনো কনটেন্টে কোনো ব্যক্তিকে (সাধারণত) বা ব্যক্তির উপস্থিতি সহ কোনো কাজকে নকল করার চেষ্টা করা হলে তা ডিপফেক কনটেন্ট হিসেবে গণ্য হয়।
লক্ষণীয় যে, ফেসবুকে প্রচারিত ছবিটি মূলত একটি ফটোকার্ড যেটি অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর ফেসবুক পেজে গত ২৩ জুন প্রকাশিত হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদনের বিস্তারিত অংশে ছবিটি এআই তৈরি বলে উল্লেখ করা হলেও শিরোনামে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা না দেওয়ায় পাঠক-দর্শক বিভ্রান্ত হয়েছেন বলে প্রতীয়মান হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই তৈরি ছবি যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।




