এনটিভির লোগোসহ প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে এনটিভি।

সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে যেখানে লেখা থাকতে দেখা যায়, পরের স্ত্রীকে নিজের মনে করার দিন আজ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট এখানে, এখানে, ও এখানে।
গত ২ নভেম্বর 'Farmina Yasmin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ফটোকার্ডটি শেয়ার করে বলা হয়, "আর এই দিকে আমার জামাই পরের স্ত্রী তো দূরের কথা নিজের স্ত্রী কেও নিজের মনে করে না,,,🥱🥱🥱"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন এনটিভির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
তবে, এনটিভির ফেসবুক পেজে আলোচ্য ফটোকার্ডটির মত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়, "কার্ডটি এনটিভি অনলাইনের নয়"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ এনটিভির লোগো ব্যবহার করে "পরের স্ত্রীকে নিজের মনে করার দিন আজ" শিরোনাম যুক্ত করে তৈরি নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এনটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং এনটিভির লোগো ব্যবহার করে ভিত্তিহীন তথ্যযুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




