জুলাই আন্দোলনের সময়ে রুমিন ফারহানার দেয়া বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনকারীদের উপরে গুলি চালানো এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ঘটনায় গণমাধ্যমের সামনে কথা বলেন রুমিন ফারহানা।

মাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সম্প্রতি বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
১৭ ঘন্টা আগে 'মোঃ মঈনুল ইসলাম' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ধন্যবাদ রুবিন ফারহানা আপনাকে। আপনার কথাগুলো খুব ভালো লাগলো ✊"। ভিডিওটিতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, "আদালত তো কিছু বলেনি। কেনো নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো, এক। দুই হচ্ছে, বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাৎ বালাদেশের ১৭ কোটি মানুষের"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক নয় এবং ভিন্ন প্রেক্ষাপটের। ভিডিওটি সম্প্রতি রুমিন ফারহানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে কথা বলার নয় বরং এটি ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনকারীদের উপরে গুলি চালানো এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে গণমাধ্যমের সামনে তাঁর কথা বলার ভিডিও।
আলোচ্য পোস্টটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২ আগস্ট "শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে রাজপথে ব্যারিস্টার রুমিন ফারহানা।" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে রুমিন ফারহানাকে গণমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায়, আলোচ্য ভিডিওটির সাথে যার মিল রয়েছে। ভিডিওটির ১ মিনিট ১০ সেকেন্ডে একজন সাংবাদিকের জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, "এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল টি আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এতবছর ধরে তাঁরা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেনি। কেনো করেনি-- এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে, কেনো করা হচ্ছে না। তখন তাঁরা বলেছে যে, এটা আদালতের বিষয়। আদালতের বিষয়ই যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি। কেনো নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো, এক। দুই হচ্ছে, বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বালাদেশের ১৭ কোটি মানুষের।" ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে ২০২৪ সালের ২ আগস্ট "এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই: রুমিন ফারহানা" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই সরকারের আর এক মুহুর্তও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। ...জামাত-শিবির ট্যাগ এখন একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার একদিকে।"। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি রুমিন ফারহানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে কথা বলা নয় বরং এটি ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনকারীদের উপরে গুলি চালানো এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ঘটনায় তৎকালীন আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে গণমাধ্যমে দেয়া তার বক্তব্যের ভিডিও।
সুতরাং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা নিয়ে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের দুই বছর আগের ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




