প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কথা শুনছেন বলে পুরোনো ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পরের নয় বরং এটি নির্বাচনের আগে ধারণ করা ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে গিয়ে বিভিন্ন সমস্যার কথা শুনছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ ফেব্রুয়ারি ‘Md Pi Ripan’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কাছে ছুটে এসে কি সমস্যা তা নিজেই শুনতেছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের সময়কার নয় বরং নির্বাচনের আগে ধারণ করা একটি ভিডিও।
কি-ওয়ার্ড সার্চ করে “মাইলস্টোন ট্র্যাজেডিতে ভুক্তভোগী পরিবারের কথা শুনলেন তারেক রহমান” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘নাগরিক টিভি’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ২১ জানুয়ারি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রকাশিত প্রতিবেদনে ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, মাইলস্টোন ট্র্যাজেডিতে ভুক্তভোগী পরিবারের কথা শুনলেন তারেক রহমান। ভিডিওটি দেখুন--
কি ওয়ার্ড সার্চ করে “মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান” শিরোনামে ‘দৈনিক কালবেলা’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনের ছবির সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা বিচারের দাবি, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদী মর্যাদা ও আহতদের পুনর্বাসনের দাবিতে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের নয় বরং নির্বাচনের আগে ধারণ করা একটি ভিডিও।
সুতরাং নির্বাচনের আগের ভিডিও দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের কাছে যাচ্ছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




