চাঁদাবাজি বিরোধী মিছিলের পুরোনো ভিডিও দিয়ে ছাত্রলীগের মিছিল বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি পুলিশের সামনে ছাত্রলীগের কোনো মিছিলের নয় বরং এটি গত জুলাইয়ে গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে একটি মিছিলের দৃশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি গুলিস্তানে পুলিশের সামনে ছাত্রলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ সেপ্টেম্বর ‘স্বাধীন বাংলাদেশ’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ঢাকা গুলিস্তানে ২ লক্ষের বেশি ছাত্রলীগের। পুলিশের সামনে বড় মিছিল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি গুলিস্তানে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয়; বরং এটি গত ৫ জুলাই ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র উদ্যোগে গুলিস্তানে চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের দৃশ্য।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার আমির ‘শাহীন আহমদ খান’ এর ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। গত ৫ জুলাই প্রকাশিত ভিডিওটির পোস্টে উল্লেখ্য করা হয়, রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ভিডিওটি দেখুন--
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ” শিরোনামে ‘স্টার নিউজ’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির’ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, স্টোডিয়াম মার্কেটের হাজার-হাজার ব্যবসায়ী ও দোকান কর্মচারী অংশগ্রহণ করেন। রোববার (৫ জুলাই) সকালে বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। স্ক্রিনশট দেখুন--
নিচে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং চাঁদাবাজির প্রতিবাদে স্টার নিউজে প্রকাশিত প্রতিবেদনের ছবি দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের সাম্পতিক মিছিলের নয়; বরং এটি গুলিস্তানে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে অনুষ্ঠিত একটি মিছিলের ভিডিও। যেটি সম্পাদনার মাধ্যমে ছাত্রলীগের স্লোগানের অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে।
সুতরাং চাঁদাবাজি বিরোধী মিছিলের পুরোনো ভিডিও দিয়ে সম্পাদনা করে ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




