বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দাবিতে পুরোনো ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি মহাখালীর একটি ফিলিং স্টেশনে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি অগ্নিসংযোগের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, রাজধানী ঢাকায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৬ মার্চ ‘Syed Sifat’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “রাজধানীতে একটি পাম্পে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আ"গুন দিলো সাধারণ জনগণ। একটা দেশে নূন্যতম ৪ মাসের রিজার্ভ থাকে। ৪ দিনে জ্বালানী শেষ হলো কিভাবে? পেট্রোল পাম্পে তেল নায় কেন? হরমুজ প্রনালী বন্ধ হলো কইদিন বলেন? জনগন থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে সরকার। কোন প্রতিবাদ আছে? সামনে জ্বালানী তেলের তীব্র সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এর সরাসরি প্রভাব পড়বে দেশের সাধারন মানুষের উপর। নিত্য পণ্য সহ সবকিছুর মূল্য বাড়বে, জনগণের নাভিশ্বাস উঠে যাবে। দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবে একজন শেখ হাসিনা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা উপকারী ছিলেন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ভিডিওটি সম্প্রতি কোনো পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের ঘটনার নয়;বরং এটি ২০২৫ সালের ১৭ আগস্ট ঢাকার মহাখালীর একটি ফিলিং স্টেশনে ঘটা দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও।
কি ওয়ার্ড সার্চ করে রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিল সাধারণ জনগণ- এমন দাবিতে কোনো ধরণের প্রতিবেদন কিংবা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘GenuineiT’ নামক একটি ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ১৭ আগস্ট করা পোস্টের ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, মহাখালি ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন। পোস্টটি দেখুন--
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, ১০ ইউনিটের সহায়তায় নিয়ন্ত্রণে আগুন” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ১৭ আগস্ট আলোচ্য ঘটনার ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
এছাড়াও, কি ওয়ার্ড সার্চ করে “মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট” শিরোনামে দৈনিক ‘যুগান্তর’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই সময় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি ঢাকায় সম্প্রতি কোনো পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের নয়; বরং এটি ২০২৫ সালের ১৭ আগস্ট মহাখালীর একটি ফিলিং স্টেশনে ঘটা দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও।
সুতরাং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




