শেখ হাসিনার প্রকাশ্যে আসার ভিডিও দাবি করে পুরোনো ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে ভারতে অবস্থিত নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, গণমাধ্যমের সামনে অর্থাৎ প্রকাশ্যে এসেছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২২ অক্টোবর 'মুহাম্মাদ কামাল' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "আবারও মিডিয়ার সামনে আসলেন জননেত্রী শেখ হাসিনা,, জয় বাংলা জয় বঙ্গবন্ধু #জননেএীশেখহাসিনা"। এছাড়াও, ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "আবারো মিডিয়া আসলেন দিল্লিতে প্রিয় নেত্রী"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের ভারত সফরে যান। ভারতে গিয়ে সে দেশে অবস্থিত নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করার সময়ে তার এই ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর 'Syed Farid Ahmed Nizami' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "Prime Minister of Bangladesh Shaikh Hasina at Dargah Hazrat Nizamuddin Aulia. (হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।)"। ওই একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একাউন্টের মালিক নিজেকে নয়াদিল্লিতে অবস্থিত হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহের বংশানুক্রমিক তত্ত্বাবধায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে 'Bangladesh PM Sheikh Hasina Visits Delhi's Nizamuddin Dargah' শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "Bangladesh Prime Minister Sheikh Hasina on Monday visited the much-revered Dargah Nizamuddin Aulia in Delhi on the first day of her four-day visit to India and offered prayers.
PM Hasina, who arrived here earlier in the day, went around the almost 700-year-old Dargah - the nerve centre of Sufi culture in India.
"Prime Minister Hasina offered prayers and munajat, seeking development, prosperity and welfare of the country, the nation as well as the entire Muslim community," PM's Deputy Press Secretary KM Shakhawat Moon told journalists. (বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ভারতে তাঁর চার দিনের সফরের প্রথম দিনে দিল্লিতে অত্যন্ত শ্রদ্ধেয় নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শন করেন এবং সেখানে প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রী হাসিনা, যিনি এদিনই দিল্লিতে পৌঁছান, প্রায় ৭০০ বছরের পুরোনো এই দরগাহটি ঘুরে দেখেন—যা ভারতে সুফি সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী হাসিনা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা ও মোনাজাত করেছেন।)"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও ওই একই দিনে শেখ হাসিনার দরগাহ জিয়ারতের ছবিসহ করা পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম দি প্রিন্ট, বাংলাদেশের সংবাদ সংস্থা বিএসএস নিউজ, সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশন, সময় টেলিভশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদন এবং ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রচারিত সংবাদ থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গিয়ে নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করার এই ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং শেখ হাসিনার ২০২২ সালে দিল্লিতে সফরে গিয়ে নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারতের ভিডিওকে সাম্প্রতিক ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




