ইসলামী আন্দোলনের সমাবেশের ছবিকে জামায়াতের সমাবেশের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, গতবছরের জুনে সংঘটিত ইসলামী আন্দোলনের সমাবেশের ছবিকে জামায়াতের সমাবেশের ছবি বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি সমাবেশের ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সমাবেশ চলাকালে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ জানুয়ারি 'কামাল ফারাবী' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে সমাবেশের ছবিটি শেয়ার করে বলা হয়, "এবার খুঁশি? জামাতের বিরুদ্ধে অপ্র- প্রচার থামাও। এটা আজকের পঞ্চগড়ে জামাতের সমাবেশের ছবি উত্তর বঙ্গের ৯৯% মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিবে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি জামায়াতে ইসলামীর সমাবেশের নয় বরং ইসলামী আন্দোলনের সমাবেশের। গতবছরের ২৮ জুন ইসলামী আন্দোলনের সমাবেশস্থল থেকে আলোচ্য ছবিটি ধারণ করা হয়।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বৈষম্যবিরোধধী আন্দোলনের সমন্বয়ক এবং পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমের ফেসবুক একাউন্ট থেকে ২০২৫ সালের ২৮ জুন করা একটি পোস্টে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, "ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ জনতার জাতীয় মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র একাত্মতা প্রকাশ। নির্বাচনের পূর্বে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোন আপোস নয়।" ফেসবুক পোস্টটি দেখুন--
আরো রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৮ জুন "ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াত-এনসিপি-হিন্দু মহাজোটের নেতারা" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন দলের নেতারা যোগ দিয়েছেন। চরমোনাই পীরসাহেবের এই সমাবেশে যোগ দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাও।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সমাবেশের নয় বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের সবমাবেশস্থলের আলোচ্য ছবিটি গতবছরের জুন মাসে ধারণ করা হয়।
সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের ছবিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




