চাঁদা না দেয়ায় যুবদল নেতা হামলা করেছেন বলে ভারতের ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের রাজস্থানে এক দোকানদারকে আক্রমণ করার ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, মৌলভীবাজারে চাঁদা না দেওয়ায় সদরের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের ওপর যুবদল নেতা প্রকাশ্যে আক্রমণ করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ৮ মার্চ ‘Voice Bangla’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এই জুলুমের শেষ কোথায় মৌলভীবাজার সদর চাঁদনীঘাট ব্রীজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের উপর দিনেদুপুরে প্রকাশ্য হামলা চালিয়েছে। সন্ত্রাসী এমপি নাসের রহমানের পালিত গুন্ডা যুবদল নেতা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের রাজস্থানের সিরোহি শহরে গত ১৮ ফেব্রুয়ারি আর্থিক বিরোধের জেরে এক বেসরকারি ক্লিনিকের ডাক্তার একজন দোকানদারকে লাঠি দিয়ে আঘাত করার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Doctor beats shopkeeper with stick, VIDEO: Attack stems from a dispute over land money, incident captured on CCTV” শিরোনামে ‘Bhaskar’ এর ওয়েবসাইটে ভিডিওসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, রাজস্থানের সিরোহির পিন্ডওয়ারা শহরে জমি লেনদেন নিয়ে বিরোধের সময় একজন ডাক্তার একজন হার্ডওয়্যার দোকানের মালিককে লাঠি দিয়ে আক্রমণ করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি ঘটে মঙ্গল কলশ মোড়ের কাছে দোকানে, যেখানে পথচারীরা বাধা দেন। ঘটনার একটি ভিডিওও প্রকাশিত হয়েছে। স্ক্রিনশট দেখুন--
রিভার্স ইমেজ সার্চ করে “Rajasthan: Doctor Attacks Shopkeeper with Stick Over Financial Dispute Caught on Camera; Victim Seriously Injured (Video)” শিরোনামে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘লোকমত টাইমস’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভারতের রাজস্থানের সিরোহি শহরে গত ১৮ ফেব্রুয়ারি আর্থিক বিরোধের জেরে এক বেসরকারি ক্লিনিকের ডাক্তার একজন দোকানদারকে লাঠিশোটা দিয়ে হামলা করে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের রাজস্থানের সিরোহি শহরে এক বেসরকারি ক্লিনিকের ডাক্তার একজন দোকানদারকে লাঠি দিয়ে আঘাত করার ভিডিও।
সুতরাং ভারতের ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে মৌলভীবাজারে যুবদল নেতা এক দোকানদারকে প্রকাশ্যে মারধর করছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




