ভিডিওটি ভারতের, চট্টগ্রামে বিএনপি নেতার হাতে বাবা খুন হওয়ার নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের বিহারে গত বছরের জুলাইয়ে জমি সংক্রান্ত বিবাদের জেরে একজন তাঁর ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনির সন্তানের সামনে বাবাকে খুন করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ জুলাই ‘আজমেরী ওসমান সমর্থক’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সন্তানের সামনে বাবাকে খু*ন করলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনির।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি চট্টগ্রাম মহানগরীর কোনো বিএনপি নেতার সঙ্গে সংশ্লিষ্ট নয়; বরং এটি ভারতের বিহারে গত বছরের জুলাইয়ে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ভাই তাঁর ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Brother attacked with a spade in a land dispute VIDEO: Fight over 4 kattha land in Saharsa, injured in critical condition” শিরোনামে ‘দৈনিক ভাস্কর’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এক বছর পূর্বে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভারতের বিহার রাজ্যের সহরসার সোরবাঝা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করার একটি ঘটনা ঘটেছে। জমি বন্টন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এক ভাই উত্তেজিত হয়ে অন্য ভাইয়ের ওপর হামলা চালায় এবং কোদাল দিয়ে আঘাত করে। সহিংস এই পারিবারিক সংঘর্ষের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে ‘Ajit Bharti’ নামক একজন ভারতীয় সাংবাদিকের ফেসবুক পেজে আরো একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সাথে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভারতের বিহার রাজ্যের সহরসা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নিজ ভাইয়ের ওপর নৃশংস আক্রমণের এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জমি বন্টন কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চলা তীব্র বাগবিতণ্ডা একপর্যায়ে সহিংস রূপ নেয় এবং এক ভাই অন্য ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে গড়ে ওঠা চরম তিক্ততা ও সহিংস আচরণের এই ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের নজর কেড়েছে। পোস্টটি দেখুন--
অর্থাৎ ভিডিওটি ভারতের বিহারে গত বছরের জুলাইতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সহিংস ঘটনার, চট্টগ্রাম মহানগরীর বিএনপি নেতার সংঙ্গে সংশ্লিষ্ট নয়।
সুতরাং ভারতের ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চট্টগ্রাম মহানগরীর বিএনপি নেতা তার বাবাকে হত্যা করেছে দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




