কুমিল্লায় নারীসহ বিএনপি এমপি আটক দাবিতে বিভ্রান্তিকর তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ৮ মে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে সাক্ষাতের দৃশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, কুমিল্লা- ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বিধবার ঘরে আটক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২০ জুলাই ‘Raju Rahman Joy’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “কুমিল্লা- ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বিধবার ঘরে আ'ট'ক। আওয়ামিলীগ না থাকায় ওরা হায়েনা হয়ে গেছে, আপনার পরিবারের নারী সদস্যদের নিরাপদে রাখুন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি নারীসহ বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীকে আটকের দৃশ্য নয়। বরং এটি গত ২৪ এপ্রিল কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সাথে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সাক্ষাতের সময়কার।
কি ওয়ার্ড সার্চ করে “কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বৈরাগীর স্ত্রীর পাশে এমপি মনিরুল হক চৌধুরী” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘NEWS24’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ১০ মে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বৈরাগীর স্ত্রীর পাশে এমপি মনিরুল হক চৌধুরী। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “খুন হওয়া কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে এমপি মনিরুল হকের সাক্ষাৎ” শিরোনামে ‘যুগান্তর’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৮ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় বুলেট বৈরাগীর বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, ভিডিওটি এমপি মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দৃশ্য নয়; বরং ভিডিওটি ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে মনিরুল হকের সাক্ষাৎকারের।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে দিবাগত রাতে ছিনতাইকারীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডে জড়িত আসামিও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারীসহ আটক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




