কারখানায় আগুনের ভিডিওকে যশোরের সনাতন পল্লীতে আগুনের দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, অগ্নিকাণ্ডের ভিডিওটি যশোরের সনাতন পল্লীতে নয়; প্রকৃতপক্ষে, এটি রাঙ্গামাটিতে আসবাবপত্র তৈরির কারখানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি যশোরের সনাতন পল্লীতে ২৫ টি বাড়িতে আগুন দিয়েছে জঙ্গিরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ সেপ্টেম্বর ‘Kamrul Hasan Khokon’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “যশোর মনীরামপুরে সনাতন পল্লীতে ২৫ টি বাড়িতে আ"গুন দিয়েছে জ"ঙ্গিরা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি যশোরের মনীরামপুরে সনাতন পল্লীতে ২৫ টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনার নয়; বরং এটি রাঙামাটির লংগদু উপজেলার ৬ নং মাইনিমুখ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গাঁথাছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচার কারখানা, দুটি বসতঘর ও বিপুল পরিমাণ আসবাবপত্র পুড়ে যাওয়ার দৃশ্য।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “রাঙ্গামাটিতে ভয়াবহ আগুনে পুড়লো বসতঘর ও দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘Jamuna TV’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
গত ৩ আগস্টে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, রাঙ্গামাটির লংগদুতে আগুনে পুড়েছে একটি বসতঘর ও ৩টি ফার্নিচারের দোকান স্থানীয়রা জানায়, ভোরে মাইনিমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। ভিডিওটি দেখুন--
পরে সার্চ করে “লংগদুতে আগুনে ছাই দুই ফার্নিচার কারখানা, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি” শিরোনামে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ৩ আগস্টে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখে অগ্নিকাণ্ডে দুটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। স্ক্রিনশট দেখুন --
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি যশোরের সনাতন পল্লীতে আগুন দেওয়ার কোনো ঘটনার নয়; প্রকৃতপক্ষে এটি রাঙামাটির লংগদুতে ফার্নিচার কারখানা ও বসতঘরে আগুন লাগার দৃশ্য।
সুতরাং রাঙামাটিতে ফার্নিচার কারখানায় আগুনের দৃশ্যকে যশোরের সনাতন পল্লীতে আগুন দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




