রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার বলে দাবি করে ভিন্ন ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সৌদি আরবের রিয়াদে আল নাসিম নামে একটি পার্কে পিরামিড প্রদর্শনী চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে। এছাড়াও, অনলাইন পোর্টাল জাগরণ নিউজের ফেসবুক পেজেও আলোচ্য ভিডিওটি একই দাবিসহ শেয়ার করা হয়।
গত ১৩ অক্টোবর অনলাইন পোর্টাল জাগরণ নিউজের ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হা/ম/লা! #saudiarabia #Riyadh"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে চলা একটি কার্নিভালে পিরামিড প্রদর্শনীতে আল-নাসিম নামে একটি পার্কে অগ্নিকাণ্ড ঘটে। ওই অগ্নিকাণ্ডের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে মধ্য প্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৯ নভেম্বর "Large fire engulfs pyramid display at Riyadh carnival" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি শর্টভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা হয়, "A major blaze broke out at a carnival night market in Riyadh when a large pyramid structure caught fire and burned intensely. Crowds were in panic as heavy flames soared and authorities initially struggled to contain the blaze. The cause of the fire has not yet been announced. (রিয়াদে একটি কার্নিভাল নাইট মার্কেটে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে; সেখানে একটি বিশাল পিরামিড আকৃতির কাঠামোতে আগুন লেগে তা তীব্রভাবে জ্বলতে থাকে। উচ্চ শিখায় আগুন ছড়িয়ে পড়লে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ শুরুতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায়। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও জানানো হয়নি।)"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ভারত থেকে পরিচালিত গণমাধ্যম সিয়াসাত ডেইলির ফেসবুক একাউন্টে ২০২৫ সালের ৮ নভেম্বর প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "A large fire erupted later on Thursday, Nov 6, at Al-Naseem Park during Riyadh Season’s popular Layali Khurais zone, engulfing a wooden replica of an Egyptian pyramid in flames. Eyewitness videos showed bright orange fire lighting up the sky as panicked visitors fled the area. Saudi Civil Defense teams arrived within minutes and extinguished the blaze in under 20 minutes. Authorities confirmed the fire started from an electrical short-circuit in the pyramid’s lighting system. No injuries or fatalities were reported. The attraction, nicknamed “Saudi Pyramids,” is a temporary decorative installation built for the 2025 season. Riyadh Season events resumed normally Friday morning. (৬ নভেম্বর, বৃহস্পতিবার— রিয়াদ সিজনের জনপ্রিয় ‘লায়ালি খুরাইস’ (Layali Khurais) জোনের আল-নাসিম পার্কে একটি বড় অগ্নিকাণ্ড ঘটে। এতে মিশরীয় পিরামিডের একটি কাঠের প্রতিকৃতি আগুনে পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল কমলা রঙের আগুনের শিখায় আকাশ আলোকিত হয়ে উঠছে এবং আতঙ্কিত দর্শনার্থীরা এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। সৌদি সিভিল ডিফেন্সের দল কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং ২০ মিনিটেরও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, পিরামিডের আলোকসজ্জা ব্যবস্থায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ‘সৌদি পিরামিডস’ নামে পরিচিত এই স্থাপনাটি ২০২৫ সালের সিজনের জন্য তৈরি একটি অস্থায়ী সাজসজ্জা ছিল। শুক্রবার সকাল থেকে রিয়াদ সিজনের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে।)"। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, মধ্যপ্রাচ্য থেকে পরিচালিত গণমাধ্যম nabd.com এর ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদন, Nanana365 এর এক্স একাউন্ট এবং comagazine এর ইনস্টাগ্রাম একাউন্টে প্রচারিত ভিডিও থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি রিয়াদ বিমানবন্দরে হামলার নয়। গত নভেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে চলা একটি কার্নিভালে পিরামিড প্রদর্শনীতে অগ্নিকাণ্ড ঘটার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং সৌদি আরবের রিয়াদে একটি পিরামিড প্রদর্শনীতে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও শেয়ার করে ভিডিওটি রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




