'র' নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ডিপফেক ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ইন্ডিয়া টুডে'কে দেওয়া এক সাক্ষাতকারের সময়ের ভিডিও এআই দিয়ে সম্পাদনার মাধ্যমে ভিন্ন কথা যুক্ত করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে, ভিডিওতে ইন্ডিয়া টুডে'কে দেওয়া এক সাক্ষাতকারে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম'কে বলতে শোনা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে আটকাতে চেষ্টা করছে। এরকম একটি ভিডিও সহ পোস্ট দেখুন এখানে।
গত ১২ আগস্ট 'MatriX MojtabA' নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশী সাংবাদিক মাহফুজ আনাম বলেছেন যে, ভারতীয় ‘র’ একটি মধ্যপ্রাচ্যের দেশ ও ইসরায়েলকে নিয়ে ভারত নেতৃত্বাধীন একটি বিকল্প প্রতিরক্ষা জোটকে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশকে মক্কা চুক্তিতে যোগদানে বাধা দেওয়ার চেষ্টা করছে (অনূদিত)'। পোস্টটির স্ক্রিনশট দেখুন --
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি একটি ডিপফেক ভিডিও। প্রচারিত ভিডিওটি ইন্ডিয়া টুডে'কে দেওয়া এক সাক্ষাতকারে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ভিডিওকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও যুক্ত করে ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণে এতে মাহফুজ আনামকে বলতে শোনা যায়, "So according to my sources are Raw chief was here to seek guarantees that Bangladesh will not join the Mecca pact. What they have offered is a defense pact with India which is linked with a country in Middle East and Israel in order to, you know, create a new counter block to Mecca pact and this is what we will never do or fall for."
তবে সার্চ করে ভারতীয় গণমাধ্যম কিংবা বাংলাদেশী কোনো গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ইন্ডিয়া টুডে'কে দেওয়া মাহফুজ আনামের সাক্ষাতকার সার্চ করে ইউটিউবে ইন্ডিয়া টুডে'র চ্যানেলে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত সাক্ষাতকারের ভিডিওটি পাওয়া যায়। ১৪ মিনিটের ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওর কোথাও মাহফুজ আনামকে আলোচ্য মন্তব্য করতে দেখা যায়নি। ভিডিওটির স্ক্রিনশট দেখুন --
ইন্ডিয়া টুডে'র সাক্ষাতকারের ভিডিওটির কথোপকথনের ট্রান্সক্রিপশন দেখুন --
যেহেতু মূল ভিডিওতে আলোচ্য মন্তব্য পাওয়া যায়নি তাই ভিডিওটি পুনরায় পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে মাহফুজ আনামের কথা বলার সময়ে মুখভঙ্গি কিছুটা কৃত্তিম মনে হয়। ফলে ভিডিওটি এআই-ডিপফেক ডিটেকশন টুলের মাধ্যমে চেক করা হয়।
এআই-ডিপফেক অডিও যাচাইয়ের টুল Resemble AI দিয়ে ভিডিও থেকে অডিওটি ফাইলকে আলাদা করে টুলে চেক করা হলে টুলটি অডিওটিকে 99.78% ডিপফেক অডিও হিসেবে ফলাফল দিয়েছে।
এছাড়াও এআই-ডিপফেক কনটেন্ট যাচাইয়ের টুল Hive দিয়ে ভিডিও থেকে অডিওটি ফাইলকে আলাদা করে টুলে চেক করা হলে টুলটি অডিওটিকে 99% ডিপফেক অডিও হিসেবে ফলাফল দিয়েছে।
অর্থাৎ এই ভিডিওটি এআই দ্বারা সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ববর্তী কোনো বাস্তব দৃশ্যকে এআই দ্বারা সম্পাদনার মাধ্যমে নতুন সংস্করণের হুবহু একই দৃশ্য তৈরি করলেও এই ধরণের কনটেন্টকেও এআই তৈরি কনটেন্ট এবং এই ধরণের কোনো কনটেন্টে কোনো ব্যক্তিকে বা ব্যক্তির উপস্থিতি সহ কোনো কাজকে নকল করার চেষ্টা করা হলে তা ডিপফেক কনটেন্ট হিসেবে গণ্য হয়।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই দ্বারা সম্পাদিত ডিপফেক ভিডিও বাস্তব ঘটনার বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।




