অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় এআই দিয়ে গণমাধ্যমের ফটোকার্ড তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, এআই দিয়ে গণমাধ্যমের নামে এমন ফটোকার্ড তৈরি করে রাজনৈতিক সংগঠনকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

গত শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এর একমাত্র সন্তান। পরদিন শনিবার দুপুরে কিশোরটির রক্তাক্ত মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার ও পরে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেওয়া সাইফুল ইসলাম তুহিন (১৯)-কে ঘিরে দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৈনিক মানবজমিনের লোগোযুক্ত ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, সালাউদ্দিন আম্মারের সাথে কথা বলে হত্যার পরিকল্পনা সাজায় অপ্রতিমের খুনি তুহিন। এরকম একটি পোস্ট দেখুন এখানে। দৈনিক আমার দেশ-এর লোগোযুক্ত ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, অপ্রতিমের হত্যাকারী তুহিন শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
Sayma Mahi নামক একটি পেজ থেকে গত ২০ সেপ্টেম্বর দৈনিক আমার দেশের লোগোযুক্ত ফটোকার্ড এবং গত ২১ সেপ্টেম্বর দৈনিক মানবজমিনের লোগোযুক্ত ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্ট দুইটির কোলাজ দেখুন --
ফ্যাক্ট-চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবি দুইটি সঠিক নয়। আলোচ্য ছবি দুইটি ওপেনএআই এর ইমেজ জেনারেশন টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে। ছবিতে ওপেনএআই কর্তৃক গৃহীত SynthID (সিন্থআইডি) প্রযুক্তির ওয়াটারমার্ক পাওয়া গেছে। এছাড়াও অনুসন্ধানে দাবিকৃত খবর দুইটিও গ্রহণযোগ্য কোন মাধ্যমে পাওয়া যায়নি।
দুইটি ভিন্ন গণমাধ্যমের হওয়া সত্ত্বেও প্রচারিত উভয় ফটোকার্ডেই একই ডিজাইন ও প্যাটার্ন দেখা যায় যা বাস্তবতার সাথে মিল নেই। দৈনিক আমার দেশের ফটোকার্ডে লোগোটি থাকে ঠিক মাঝখানে যা প্রচারিত ফটোকার্ডে বাম পাশে। এছাড়াও দৈনিক মানবজমিনের ফটোকার্ডের সাথেও মিল নেই প্রচারিত মানবজমিনের লোগোযুক্ত ফটোকার্ডটির ডিজাইনের।
সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে ব্যানার, ফেস্টুন এমনকি গণমাধ্যমের নামে ফটোকার্ডও তৈরি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলে আলোচ্য ফটোকার্ড দুইটি এআই শনাক্তকরণ টুলে চেক করা হয়।
যাচাইয়ে ছবিটি ওপেনএআই তথা চ্যাটজিপিটি দিয়ে তৈরি বলে ফলাফল পাওয়া গেছে এবং এতে SynthID (সিন্থআইডি) ওয়াটারমার্কও পাওয়া গেছে। Google DeepMind তৈরি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি SynthID মূলত এক ধরনের কনটেন্ট ওয়াটারমার্ক যা খালি চোখে দেখা বা স্বাভাবিকভাবে শনাক্ত করা যায় না। গত মে মাসের শেষের দিকে OpenAI তাদের ইমেজ কনটেন্টে 'Content Credentials'-এর পাশাপাশি Google DeepMind -এর এই প্রযুক্তিও নিজস্ব সংস্করণে যুক্ত করেছে। সাধারণ ছবি সম্পাদনা কিংবা মেটাডাটা মুছে যাওয়ার পরেও গুগলের এই SynthID ওয়াটারমার্কটি টিকে থাকতে পারে এবং নির্ধারিত বিশেষ টুলের মাধ্যমে এটি শনাক্ত করা যায়।
ওপেনএআই এর SynthID শনাক্তকরণ টুলে যাচাইয়ের পরে আমার দেশের লোগো যুক্ত ফটোকার্ডের প্রাপ্ত ফলাফলের স্ক্রিনশট (ডানে) এবং দৈনিক মানবজমিনের লোগো যুক্ত ফটোকার্ডের (বামে) প্রাপ্ত ফলাফলের কোলাজ দেখুন--
এছাড়াও অপ্রতিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দী দেওয়া সাইফুল ইসলাম তুহিন- শিবিরের সাথে যুক্ত ছিল এবং আলোচ্য ঘটনায় তার সাথে যোগসাজশ ছিল রাকসু'র আম্মারের, এমন কোনো তথ্য গ্রহণযোগ্য কোনো মাধ্যমেও পাওয়া যায়নি।
অর্থাৎ, ফটোকার্ড দুইটি এআই এর সাহায্যে তৈরি।
উল্লেখ্য, পূর্ববর্তী কোনো বাস্তব দৃশ্যকে এআই দ্বারা সম্পাদনার মাধ্যমে নতুন সংস্করণের হুবহু একই ছবি তৈরি করলেও এই ধরণের কনটেন্টকে এআই তৈরি কনটেন্ট এবং এই ধরণের কোনো কনটেন্টে কোনো ব্যক্তিকে (সাধারণত) বা ব্যক্তির উপস্থিতি সহ কোনো কাজকে নকল করার চেষ্টা করা হলে তা ডিপফেক কনটেন্ট হিসেবে গণ্য হয়।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই তৈরি ছবি যুক্ত করে বিভিন্ন গল্প জুড়ে দিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।




