ছাত্রলীগের ধর্মঘটের বলে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছাত্রলীগের ধর্মঘটের ভিডিও বলে দাবি করে ঢাকার মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের ভিডিও প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী ঢাকা উত্তাল হয়ে পড়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১০ নভেম্বর '১৯৭১ বাংলাদেশ আওয়ামী লীগ' নামে একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ছাত্রলীগের ডাকা ধর্মঘটে উত্তাল ঢাকা, সতর্ক থাকুন সবাই! #ছাত্রলীগ #বাংলাদেশ #ঢাকা #ধর্মঘট #ছাত্ররাজনীতি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ছাত্রলীগের ডাকা ধর্মঘটের নয়। আলোচ্য ভিডিওটি গত ১ নভেম্বর ঢাকার মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময়ে ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেতে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল 'Daily Bangla Post'-এর ফেসবুক পেজে গত ১ নভেম্বর পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "পুলিশের গাড়িতে আগুন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা | Bangla Post"। পোস্টটির ভিডিও ধারণকারীকে আলোচ্য ভিডিও ধারণের স্থানের নাম "মিরপুর ১১" বলতে শোনা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ টোয়েন্টিফোরের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ৪৮ সেকেন্ড থেকে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, "মিরপুরে, পুলিশের গাড়িতে আ'গু'ন #News24 #mirpurNews #GarmentWorkers"। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১ নভেম্বর "মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আগুনে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও ধাওয়া দেন শ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।"। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ছাত্রলীগের ডাকা ধর্মঘটের নয় বরং গত ১ নভেম্বর ঢাকার মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের সময়ে ধারণ করা হয়।
সুতরাং মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের ভিডিওকে ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে ঘটা সহিংসতার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




