পুরোনো ভিডিও দিয়ে হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে এসেছেন বলে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালে জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে শেখ হাসিনার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে এসেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৫ নভেম্বর ‘Rayhan A-71’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এখন সরাসরি আমাদের শেখ হাসিনাকে দেখা গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সম্প্রতি আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সামনে আসার নয়; বরং এটি ২০২৪ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানায় ও ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা” শিরোনামে ‘ZARIF News’র ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটির ভিডিওর সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মিউনিখ বিমানবন্দরে পৌছালে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সস্ত্রীক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।প্রধানমন্ত্রী মিউনিখে তাঁর আবাসস্থলে পৌছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে জার্মানি ও ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে “প্রধানমন্ত্রীর জার্মানি সফরে যে ২ বিষয়ে জোর দেয়া হবে” শিরোনামে ‘Independent Television’র ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে শেখ হাসিনার পরা পোশাকের সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওতেও হাসিনার পরা পোশাকের মিল দেখতে পাওয়া যায়। যেখানে বলা হয়, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ৬০তম উদ্বোধনী অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোরামে বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় জোর দেবে ঢাকা। মিউনিখে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ নিরাপত্তা সম্মেলন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি ২০২৪ সালেরর ৫ আগস্ট দিল্লিতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে আসার দৃশ্যের নয়। বরং এটি ২০২৪ সালের ফ্রেব্রুয়ারিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার সময়ের ভিডিও।
সুতরাং, ২০২৪ সালের পুরোনো ভিডিও দিয়ে শেখ হাসিনার সম্প্রতি প্রকাশ্যে আসার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




