ব্যবসায়ীদের নিয়ে ব্যারিস্টার আরমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ব্যারিস্টার আরমানের বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। তিনি মূলত নিজের নয়, অন্য ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার মন্তব্য দিয়ে প্রচার করা হচ্ছে, আওয়ামী লীগ আমলেও আমার ব্যবসার অবস্থা এত খারাপ ছিল না। জীবনে এই প্রথম কর্মীদের বেতন দিতে পারছি না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ নভেম্বর 'Golam Maula Rony' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা হয়, “আওয়ামীলীগ আমলেও আমার ব্যবসার অবস্থা এতো খারাপ ছিলো না। জীবনে এই প্রথম কর্মীদের বেতন দিতে পারছি না। -মীর কাশেম, লিজেন্ড অফ আয়নাঘর।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডের তথ্যটি বিভ্রান্তিকর। আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত মন্তব্যটি ব্যারিস্টার আরমানের নিজের ব্যবসা সম্পর্কে নয় বরং তিনি অন্য ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করেছেন।
কি ওয়ার্ড সার্চ করে ‘Nagorik Coalition - নাগরিক কোয়ালিশন’ নামক ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ১৪ নভেম্বর প্রকাশিত ভিডিওতে ব্যারিস্টার আরমানকে বলতে শোনা যায়, “আমি যখন মাঠে ঘাটে যাই লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি। তখন অনেক বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আওয়ামী লীগের আমলেও আমার ব্যবসার অবস্থা এত খারাপ হয় নাই। আমার ৩৪ বছরের ব্যবসায়িক জীবনে এই প্রথমবার আমি আমার কর্মীদের বেতন দিতে পারছি না, কিন্তু আমি বিএনপিকে ভোট দিয়েছি। এরকম বহু ব্যবসায়ীর আক্ষেপ আমি শুনেছি।” ভিডিওটি দেখুন--
আলোচ্য বক্তব্যে ব্যারিস্টার আরমান অন্য ব্যবসায়ীদের দুরবস্থা ও বেতন দিতে না পারার আক্ষেপের কথা বলেছেন। যার খণ্ডিত বক্তব্য কেটে বক্তার নিজের ব্যবসার অবস্থা বলে অপপ্রচার চালানো হয়েছে।
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে ব্যারিস্টার আরমানের নিজের ব্যবসার পরিস্থিতি নিয়ে এমন কোনো তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ ব্যারিস্টার আরমান নিজের নয়; অন্য ব্যবসায়ীদের দুরবস্থা ও বেতন দিতে না পারার আক্ষেপের কথা তাদের বরাতে বর্ণনা করেন।
সুতরাং, কর্মীদের বেতন নিয়ে ব্যারিস্টার আরমানের বক্তব্যের খণ্ডিতাংশ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।




