‘সেনাবাহিনী মাঠে না থাকলে আ.লীগকে ঠেকানো যাবে না’- মন্তব্যটি মূলত স্যাটায়ার
বুম বাংলাদেশ দেখেছে, স্যাটায়ার পেজে মজার উদ্দেশ্যে তৈরি করা ব্যঙ্গাত্মক পোস্টকে আসল মন্তব্য ভেবে অনেকেই বানোয়াট মন্তব্যযুক্ত ফটোকার্ডটি শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন ‘সেনাবাহিনী মাঠে না থাকলে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না’। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৫ মে ‘শাহ আলম সরকার’ নামক একটি প্রোফাইল থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'মোখ ফসকে (মুখ ফসকে) সত্যটা বেরিয়ে গেলো'। পোস্টটির স্ক্রিনশট দেখুন --
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে ছড়ানো এই বক্তব্যটি বানোয়াট। স্যাটায়ার পেজে মজার উদ্দেশ্যে তৈরি করা ব্যঙ্গাত্মক পোস্টকে আসল মন্তব্য ভেবে অনেকেই বানোয়াট মন্তব্যযুক্ত ফটোকার্ডটি শেয়ার করেছেন।
সার্চ করে হুবহু আলোচ্য মন্তব্যটি নির্ভরযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি। সাধারণত তিনি এমন মন্তব্য করলে তা বিভিন্ন গ্রহণযোগ্য মাধ্যেই প্রচার হওয়ার কথা। এছাড়াও প্রচারিত ফটোকার্ডটি বহুলভাবে পরিচিত কোনো গণমাধ্যমের ফটোকার্ডও নয়।
পরবর্তীতে আরো অনুসন্ধানে 'Gupto TV' নামক একটি পেজ থেকে গত ৫ মে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করতে দেখা যায়। পেজটির বিষয়ে উল্লেখ করা হয়েছে এটি একটি স্যাটায়্যার ও প্যারোডি পেজ এবং এতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের স্যাটায়্যার পোস্ট করতে দেখা গেছে। দেখুন --
অর্থাৎ, স্যাটায়ার মন্তব্য বাস্তব দাবিতে প্রচারিত হয়েছে।
উল্লেখ্য, সার্চ করে The News এর ওয়েবসাইটে গত ২৮ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একটি মন্তব্য পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী- মন্তব্যে তিনি বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী সরকারের চাহিদা অনুসারে সেনাবাহিনী মাঠে আছে। পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা মাঠে আছেন। পর্যায়ক্রমে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।’
সুতরাং, একটি স্যাটায়ার মন্তব্যকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আসল বক্তব্য মনে করে প্রচারিত হয়েছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।




