এটিএম আজহারের বক্তব্যকে বিকৃত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটিএম আজহারের বক্তব্য দেওয়ার ভিন্ন একটি ভিডিওকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, চব্বিশের পরে একাত্তরের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা একাত্তর নিয়ে মায়াকান্না করে তাঁরা বাংলাদেশ বিরোধী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১২ ফেব্রুয়ারি 'World Jamiat - ওয়ার্ল্ড জমিয়ত' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "৭১ এর যাদের প্রয়োজন নেই তাদের এদেশে রাজনীতি করা নির্বাচন করারো কোন প্রয়োজন নেই।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামের বক্তব্য দেওয়ার ভিডিওকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটির সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি "কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: এটিএম আজহারুল ইসলাম | Jamaat E Islami" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ১ মিনিট ৪০ সেকেন্ডে আলোচ্য ভিডিওটির মত হুবহু দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই দৃশ্যে এটিএম আজহারুল ইসলামকে বলতে শোনা যায়, "আমরা টাকার বিনিময়ে মানুষকে জয় করতে চাই না। আমরা আন্তরিক ব্যবহারের মাধ্যমে তাঁদের মনটা জয় করতে চাই।" ইউটিউব ভিডিওটি দেখুন--
এবারে, আলোচ্য ভিডিওটির একটি স্ক্রিনশট (বামে) এবং চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জামায়াতের নায়েবে আমীর এটিএম আহজারুল ইসলামের বক্তব্য দেওয়ার ভিডিওকে এডিটের মাধ্যমে বিকৃত করে ভিন্ন বক্তব্য বসিয়ে প্রচার করা হচ্ছে।
সুতরাং এটিএম আহজারের বক্তব্যকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে।




