তিমি কর্তৃক শাবককে দুধ খাওয়ানোর দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, তিমির শাবককে দুধ খাওয়ানোর দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে; এতে দেখা যাচ্ছে বিশালাকার একটি মা তিমি সমুদ্রের তলদেশে তার শাবককে দুধ পান করাচ্ছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, 'মা তিমি যেভাবে সন্তানের মুখে দুধ তুলে দেয়'। ভিডিওটি নিজেদের ফেসবুকে প্রচার করেছে দৈনিক গণকণ্ঠ, নাগরিক প্রতিদিন, আজকের প্রত্যাশা। এরকম আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
নাগরিক প্রতিদিন ও আজকের প্রত্যাশার পোস্টের স্ক্রিনশটের কোলাজ দেখুন --
২৭ এপ্রিল দৈনিক গণকণ্ঠের 'দৈনিক গণকণ্ঠ Daily Gonokantho' নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'মা তিমি যেভাবে সন্তানের মুখে দুধ তুলে দেয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। তিমির শাবককে দুধ খাওয়ানোর এই দৃশ্যটি কোনো বাস্তব ক্যামেরায় ধারণকৃত নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটি পর্যবেক্ষণ করলে তিমির শরীরের গঠন এবং পানির নড়াচড়ায় কৃত্রিমতা লক্ষ্য করা যায়। মূলধারার কোনো তথ্যসূত্র বা প্রকৃতি বিষয়ক প্রামাণ্যচিত্রে এমন কোনো দৃশ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
আলোচ্য ভিডিও থেকে কী-ফ্রেম সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণে কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন শাবকের মুখে তরল অতিরিক্ত হওয়ার পর মুখের পাশ থেকে তরল কিছুটা বাইরে বের হতে দেখা গেলেও যতখানি তরল বের হয়ে পড়ার কথা ছিলো ততখানি বের হয়না। অর্থাৎ তরলের সাধারণ গতি-প্রবাহে অসামঞ্জস্যতা দেখা গেছে। এআই তৈরি কনটেন্টে পদার্থ বিজ্ঞানের বিভিন্ন নিয়মের ভিন্নতা দেখা যায়।
ফলে এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল 'হাইভ' ব্যবহার করে আলোচ্য ভিডিওটিকে যাচাই করলে টুলটি ৯৯.৯% শতাংশ সম্ভাব্য এআই তৈরি কন্টেন্ট বলে ফলাফলে দিয়েছে। এছাড়াও টুলটি জানিয়েছে ভিডিওটি 'সিড্যান্স' টুলের মাধ্যমে (সিড্যান্স-২ মডেল) তৈরি করা হয়েছে যার সম্ভাব্যতা ৮৭.৭% শতাংশ।
'সিড্যান্স' হলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok-এর মূল কোম্পানি চীনের টেক জায়ান্ট প্রতিষ্ঠান ByteDance (বাইটড্যান্স)-এর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল। টুলটির ফলাফল দেখুন --
যেহেতু প্রথম টুলে ভিডিওটি অধিকতর সম্ভাব্য চীনা প্রতিষ্ঠানের টুলের মাধ্যমে তৈরি করা বলে ফলাফল দিয়েছে। ফলে, আরেক চীনা টেক জায়ান্ট প্রতিষ্ঠান টেনসেন্টের 'ম্যাট্রিক্স' নামক ক্লাসিফায়ারে যাচাই করা হয়েছে। টুলটি চীনা প্রতিষ্ঠানের বিভিন্ন টুলের মাধ্যমে তৈরি কনটেন্ট যাচাইয়ের জন্য বিখ্যাত। এতে ভিডিওটি যাচাই করলে টুলটি ভিডিওটিকে 98.86% শতাংশ সম্ভাব্য এআই তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন --
অর্থাৎ শাবককে তিমির দুধ খাওয়ানোর ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে তিমি কর্তৃক শাবককে দুধ খাওয়ানোর দৃশ্য দাবিতে যে ভিডিও প্রচার করা হয়েছে, তা বাস্তব নয়।




