আওয়ামীলীগের মিছিলে সেনাবাহিনী বাধা দিবে না বলে এআই তৈরি ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সেনাকর্মকর্তার মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর কর্মকর্তার বক্তব্য দাবিতে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে বাধা দিবে না। এ রকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৫ নভেম্বর 'বাংলা ব্লক ০১' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয় "আওয়ামী লীগের মিছিলে সেনাবাহিনী বাধা দিবে না।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার দেওয়া আসল বক্তব্য নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি।
আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে সার্চ করে এবং ভিডিওতে প্রচারিত বক্তব্য সার্চ করে গণমাধ্যমসহ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কথা বলার সময় কথিত বক্তার মুখের ভঙ্গিমায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। এছাড়াও কথোপকথনের মতো শ্বাস নেওয়ার শব্দ, আবেগের ওঠানামা বা তাৎক্ষণিক থামার জায়গাগুলো কৃত্রিম মনে হয়। নির্দিষ্ট কিছু শব্দ বা যুক্তাক্ষরের উচ্চারণে অস্বাভাবিক যান্ত্রিক টান শোনা যায়। বক্তার কণ্ঠের সাথে ব্যাকগ্রাউন্ডের পরিবেশের অসংগতি দেখা যায়।
সাধারণত, বর্তমানে ভয়েস ক্লোনিং বা টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির মাধ্যমে সহজেই এমন কৃত্রিম কণ্ঠস্বর তৈরি করা সম্ভব।
তবে ভিডিওটি কয়েকটি এআই ভিডিও ডিটেকশন টুলে যাচাই করে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করা যায়নি। সাধারণত ভিডিওর মান কমে গেলে বা সামাজিক মাধ্যমে শেয়ারের সময় কম্প্রেস হলে অনেক সময় ভিডিও ডিটেক্টরগুলো সঠিক ফলাফল দিতে পারে না।
পরবর্তীতে ভিডিওটি থেকে অডিও আলাদা করে 'aiaware' টুলে যাচাই করা হলে তা এআই-জেনারেটেড হিসেবে ফলাফল দেয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
উল্লেখ্য ভিডিওটির স্থিরচিত্র থেকে সার্চ করে কোনো ফলাফল পাওয়া যায়নি। বাস্তব কোনো ব্যক্তির চেহারা বা কণ্ঠস্বর অনুমতি ছাড়া বা ভুয়াভাবে ব্যবহার করে এআই ভিডিও তৈরি করা হলে তাকে সাধারণত ডিপফেক বলা হয়।
সুতরাং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া হবেনা বলে সেনা কর্মকর্তার আসল বক্তব্য বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




