যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত দাবিতে এআই ছবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বেশকিছু উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বলে প্রচারিত আলোচ্য ছবিটি এআই জেনারেটেড।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কয়েকটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এসব উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১০ মার্চ ‘Shamim Hasan Tarafder’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “American airport after Irani action.” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বেশকিছু উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হওয়ার বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটিতে ফ্লাগে উড়ানো যুক্তরাষ্ট্রের পতাকা উপরের বাম কোণে তারকা থাকলেও উড়োজাহাজে অঙ্কিত পতাকাগুলোর তারকা উপরের ডানপাশে অবস্থিত। এছাড়া, ধ্বংসপ্রাপ্ত বিমানগুলোর জানালার সারি এবং বডির শেপ বা আকৃতি সুনির্দিষ্ট নয়। কিছু জায়গায় বিমানের ডানা বা লেজ অন্য একটি বিমানের সাথে অদ্ভুতভাবে মিশে গেছে। বিশেষ করে বাম পাশের নিচে থাকা বিমানটির ভেতরের কাঠামোটি অসংলগ্ন। বিমানের লেজে থাকা আমেরিকান পতাকার লোগোগুলো খেয়াল করলে দেখা যায়, সেগুলোর ডিজাইন একেকটিতে একেক রকম এবং অনেকগুলোই ঝাপসা বা বিকৃত।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' মডারেশন ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইঞ্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ইরানের হামলায় আমেরিকান উড়োজাহাজ ধ্বংসপ্রাপ্ত হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




