ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। Google-এর নিজস্ব টুল Synthid এই ছবিটিকে এআই তৈরি বলে নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় রাস্তার চিত্র। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১৯ নভেম্বর ‘সংগ্রামী প্রেমিক ইদ্রীস আলী’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আওয়ামী লীগের ডাকা লকডাউন চলছে.... এটি ঢাকা একটি রাস্তার চিত্র।।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীর সময় রাস্তার বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বাম দিকের ভবনের সাইনবোর্ডগুলোর (যেমন: "কাসাম ম্যানিয়ান্সন" বা "প্রাইম শাবী মানাস্থান"-এর মতো অদ্ভুত বানান) এবং ডান দিকের বিলবোর্ডের বাংলা অক্ষরের অসংগতি ও অর্থহীন শব্দের মিশ্রণ রয়েছে। বাম দিকের ব্যক্তির হাতে ধরা জিম্বাল ও ফোনের সংযোগ এবং আঙুলের বিন্যাসে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। পাশাপাশি, ডান দিকের ব্যক্তির হাতে থাকা ক্যামেরার গঠন ও স্ট্র্যাপের অবস্থানও অস্বাভাবিক নয়। পেছনের ভবন, ফুটওভার ব্রিজের লেখা, বৈদ্যুতিক খুঁটি ও তারের বিন্যাস এবং সিএনজিগুলোর আকার ও অবস্থানে কিছুটা অস্পষ্টতা লক্ষ্য করা যায়।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, পরবর্তীতে গুগলের নিজস্ব শনাক্তকরণ প্রযুক্তি Synthid ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
SynthID হলো গুগল ডিপমাইন্ডের তৈরি একটি প্রযুক্তি, যা এআই দিয়ে তৈরি ছবি, অডিও ও ভিডিওর ভেতরে চোখে না দেখা যায় এমন ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে। এর মাধ্যমে কন্টেন্টটির উৎস এবং তা এআই দিয়ে তৈরি কি না- তা পরবর্তীতে সনাক্ত ও যাচাই করা সহজ হয়।
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ঢাকায় লকডাউনের সময় রাস্তার বাস্তব দৃশ্যের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




