আওয়ামীলীগের নির্বাচনে না থাকা নিয়ে পুলিশের বক্তব্যের ভিডিওটি এআই তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, আওয়ামীলীগ নিয়ে পুলিশ সদস্যের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এআই দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে; এতে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। এতে তাকে বলতে শোনা যায়, “নৌকা ছিলো বাহান্নতে, নৌকাই একাত্তরে দেশ স্বাধীন করছে নৌকা, গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করছে নৌকা, স্বৈরাচার হটাইছে নব্বইতে। পদ্মা সেতু, মেট্রোরেল, এই দেশ উন্নয়নের আশি শতাংশ করেছে আওয়ামী লীগ। নৌকা ছাড়া ভোট জিয়া পারে নাই এরশাদ পারে নাই তোমরাও পারবা না।” এ ধরনের একটি পোস্ট দেখুন এখানে।
গত ২১ জানুয়ারি '71 Media call' নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিহিত একজন কর্মকর্তা একটি সংবাদ সম্মেলনে আওয়ামীলীগকে নিয়ে বক্তব্য রাখছেন বলে প্রচারিত ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর অডিওটি একটি সিন্থেটিক ভয়েস।
আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে সার্চ করে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণে কথা বলার সময় পুলিশ সদস্যের মুখের ভঙ্গিমায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। এছাড়াও, ভিডিওতে বাস্তব দৃশ্যের অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড অনেকটা অস্বাভাবিক মনে হয়েছে। গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চ মাত্রার আউটপুট শোনা যায়।
গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও তৈরি করার টুল এবং সর্বশেষ সংস্করণ, Veo-3 (ভিও-৩) ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।
এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওটিকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন --
অর্থাৎ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে এআই তৈরি ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।




