বক্সে মাথার খুলি ও বিকৃত মৃতদেহের ছবি দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি বক্সের ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি বক্সে মাথার খুলি ও দেহ সাজিয়ে রাখার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি বাক্সের ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১ মার্চ ‘শুভ শুভ ভাই’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এখনও বিশ্ব মুসলিম ইহুদিদের পণ্য ব্যবহার করে, খায়, সেভেনাপ দিয়ে ইফতার করে, এই মুসলিমদের খাবার হবে জাহান্নামের আগুন ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি ৬৬টি বাক্স গাজায় পাঠিয়েছে ইসরায়েল। #যারা #ইজরায়েলের# পণ্য ব্যবহার করেন না তাদের দেখতে চাই।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি বক্সের ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বাক্সে রাখা মাথার খুলি এবং মাংসের পিণ্ডগুলি দেখে মনে হচ্ছে কোনো একটি মানুষের দেহাবশেষ, কিন্তু তাদের আকার বা অনুপাত বাস্তবের সাথে মোটেও মেলে না। এই ধরণের ভীতিকর বা অস্বাভাবিক দৃশ্যের সামনে থাকা লোকজনের মধ্যে কোনো ধরণের আবেগ বা কৌতূহল দেখা যাচ্ছে না। তারা যেন নির্বিকারভাবে শুধু তাকিয়ে আছেন। আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'এআই অর নট' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, ইসরায়েল কর্তৃক মুক্তি দেওয়ার পর ৫৪ জন ফিলিস্তিনির মরদেহ এবং মানুষের অবশিষ্টাংশ সম্বলিত ৬৬টি বাক্স গাজা উপত্যকায় স্থানান্তর করা হয়েছে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (ICRC) মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি বক্সের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




