নেপালের বন্যার আগে-পরের দৃশ্য বলে এআই তৈরি ছবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছবি দুইটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। ছবিতে ওপেনএআই কর্তৃক গৃহীত গুগলের সিন্থআইডি প্রযুক্তির ওয়াটারমার্ক পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কোলাজ ছবি প্রচার করে বলা হয়েছে, 'নেপালে বন্যায় ক্ষয়ক্ষতির আগের ও পরের দৃশ্য’। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ আগস্ট ‘অনলাইন বার্মিজ মার্কেট’ নামক একটি পেজ থেকে কোলাজ ছবিটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবি দুইটি ওপেনএআই এর ইমেজ জেনারেশন টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে। ছবিতে ওপেনএআই কর্তৃক গৃহীত SynthID (সিন্থআইডি) প্রযুক্তির ওয়াটারমার্ক পাওয়া গেছে।
পর্যবেক্ষণে ছবি দুইটিতে অস্পষ্টতা সহ বেশকিছু এআই জনিত অসঙ্গতি পাওয়া যায়। ফলে ছবিটি এআই দ্বারা তৈরি কিনা তা যাচাইয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়। যাচাইয়ে ছবিটি ওপেনএআই তথা চ্যাটজিপিটি দিয়ে তৈরি বলে ফলাফল দিয়েছে এবং SynthID (সিন্থআইডি) ওয়াটারমার্ক পাওয়া গেছে বলে ফলাফলে উল্লেখ করা হয়েছে। Google DeepMind তৈরি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি SynthID মূলত এক ধরনের কনটেন্ট ওয়াটারমার্ক যা খালি চোখে দেখা বা স্বাভাবিকভাবে শনাক্ত করা যায় না।
গত ১৯ মে থেকে OpenAI তাদের ইমেজ কনটেন্টে 'Content Credentials'-এর পাশাপাশি Google DeepMind -এর এই প্রযুক্তিও নিজস্ব সংস্করণে যুক্ত করেছে। সাধারণ ছবি সম্পাদনা কিংবা মেটাডাটা মুছে যাওয়ার পরেও গুগলের এই SynthID ওয়াটারমার্কটি টিকে থাকতে পারে এবং নির্ধারিত বিশেষ টুলের মাধ্যমে এটি শনাক্ত করা যায়। ওপেনএআই এর SynthID শনাক্তকরণ টুলে ছবি দুইটি যাচাইয়ের পরে প্রাপ্ত ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবি দুইটি এআই'য়ের সাহায্যে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই তৈরি ছবি যুক্ত করে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।




