টিএসসি ক্যাফেটেরিয়ার ছবি দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া দাবিতে প্রচারিত এই ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে সম্প্রতি একটি ছবি পোস্ট করা হচ্ছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৫ জুলাই 'Kazi Jesin' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হবে? এরপর কি আমরা সেই উদ্যোগ দেখবো?” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ার দৃশ্য নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সিলিংয়ে থাকা ফ্যান এবং লাইটগুলোর গঠন ও বিন্যাস কিছুটা অস্পষ্ট, বাঁকা ও অস্বাভাবিক। ব্যাকগ্রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ার বিখ্যাত ম্যুরাল বা দেয়ালচিত্রটির অংশগুলো অদ্ভুতভাবে বিকৃত ও অস্পষ্ট। ব্যাকগ্রাউন্ডে বসে থাকা এবং দূরের বেশ কয়েকজন মানুষের মুখমণ্ডল, গায়ের পোশাক এবং হাতের আঙুলের গঠন ঝাপসা ও অসামঞ্জস্যপূর্ণ। নীল রঙের বড় সাইনবোর্ডে "নারীদের বসার স্থান" এবং "পুরুষদের বসার স্থান" লেখাগুলোর ফন্ট অত্যন্ত স্পষ্ট, ফ্ল্যাট ও কৃত্রিম। এগুলো আশেপাশের পারিপার্শ্বিক আলো, ছায়া ও প্রেক্ষিতের (Perspective) সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
পাশাপাশি আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল ‘ইজ ইট এআই' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে টিএসসি ক্যাফেটেরিয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




