সামাজিক মাধ্যম ফেসবুকে কলা গাছের ভেলায় করে একটি লাশ ভেসে আসার ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি চট্টগ্রামে সংঘটিত বন্যার সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১২ জুলাই 'প্রিয় চাঁদপুর - Priyo Chandpur' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বন্যায় দা ফন হয়নি, কলাগাছের ভেলায় ভাসছে ম রদে হ দক্ষিণচট্টগ্রাম #বন্যা #বাংলাদেশ #BreakingNews #trendingvideo"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক বন্যায় কবলিত এলাকার কোনো ঘটনায় ধারণকৃত নয় বরং ২০২৪ সালের ফেনীতে সংঘটিত বন্যার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৪ সালের ২৫ আগস্ট 'BitiK BaaZ' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির বড় ভার্সনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "ভয়াবহ বন্যায় খেয়াল রাখুন"। ভিডিওটির শুরুতেই আলোচ্য দৃশ্যটির মত একটি দৃশ্য দেখিয়ে বলতে শোনা যায়, "মৃত লাশ পানিতে ভাসতেছে। একটু যে কবর দেবে সেই মাটিটাও পাওয়া যাচ্ছে না।... সদর অঞ্চলের অল্প কিছু জায়গা বাদে পুরো ফেনীকেই পানির নিচে বলা যায়।"। ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য ভিডিওটির একটি স্ক্রিনশট (বামে) এবং 'BitiK BaaZ' পেজের একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় ধারণ করা হয়নি। ২০২৪ সালের আগস্ট মাসে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীতে সৃষ্ট ভয়াবহ বন্যার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ২০২৪ সালের বন্যার সময়ে লাশ ভেসে আসার ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক ঘটনার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে।




